'বাংলাদেশ মডেল' নিয়ে সম্মেলন করতে চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উগ্রবাদ মোকাবিলায় ‘বাংলাদেশ মডেল’-এর কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক স্তরে এক সম্মেলন করার কথা ভাবছে ভারত। প্রস্তাবিত এই সম্মেলন দিল্লিতে আয়োজন করার চেষ্টা চলছে।

ভারতের সরকারি সূত্র অনুযায়ী, সম্মেলনটির দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে যখনই হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই সেই সম্মেলনের উদ্বোধন করতে পারেন। শিগগিরই এই সম্মেলন করার আগ্রহ তাঁর। ধারণা করা হচ্ছে, সেই সম্মেলনে বাংলাদেশ বড় ভূমিকা পালন করবে।

সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস ও বিমসটেকের আসরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে বেশ আগ্রহ দেখান। হাসিনার কাছে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান, কীভাবে তিনি উগ্রবাদের মোকাবিলা এমন সার্থকভাবে করতে পারছেন। সেই বৈঠকের পর থেকেই এই বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার চিন্তাভাবনার শুরু।

গোয়ার বৈঠকে নরেন্দ্র মোদি উগ্রবাদ মোকাবিলার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে শেখ হাসিনা বলেন, এই কাজে তিনি সমাজের সব মানুষকে শামিল করতে চেয়েছেন। ছাত্র, যুবদের সচেতন করার জন্য সব ধরনের প্রচারমাধ্যমকে কাজে লাগানো হয়েছে। স্কুল-কলেজের শিক্ষকদের সাহায্য নেওয়া হচ্ছে। বাবা-মাদের সচেতন করা হচ্ছে। এ ছাড়া ধর্মীয় ব্যক্তিত্বদেরও সাহায্য নিচ্ছে বাংলাদেশ সরকার।

আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে ভারতে আসতে পারেন। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হবে সরকারি পর্যায়ে হাসিনার প্রথম ভারত সফর। এই সফরের বিষয়ে বিভিন্ন স্তরে যে আলোচনা চলছে, বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক গোয়ায় তা স্বীকার করেছেন। যদিও তিনি বলেছেন, সেই সফর কবে হতে পারে তা এখনো ঠিক হয়নি। ভারত চাইছে, শেখ হাসিনা ডিসেম্বরেই আসুন। ভারতের সরকারি সূত্র এও বলছে যে উগ্রবাদ মোকাবিলা নিয়ে প্রস্তাবিত সম্মেলনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কযুক্ত নয়।