'বাংলাদেশ মৃত চিন্তার নয়, হাজারো নতুন চিন্তার দেশ'
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, বর্তমান বাংলাদেশ কোনো ‘মৃত চিন্তার’ দেশ নয়, হাজারো নতুন চিন্তার দেশ। নব কর্মোদ্যোগের দেশ।
গতকাল শনিবার বিকেলে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ‘ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ’ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতায় নজরুল ইসলাম এ কথা বলেন। সোসাইটির ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ওই বক্তৃতার আয়োজন করা হয়।
পরিবেশবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূগোল একটি বাস্তবতা এবং তা স্থায়ী বাস্তবতাই বটে। রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা নেহায়েতই সাময়িক এবং দীর্ঘ মেয়াদে অনতিক্রমনীয় নয়। অবশ্য রাজনৈতিক সমস্যা ও সুশাসনের অভাব অর্থনৈতিক অগ্রগতির এক বড় অন্তরায়, সন্দেহ নেই। এসব কিছু সত্ত্বেও আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এবং তা অনেকটাই ভৌগোলিক বাস্তবতার কারণে। এই বাস্তবতায় এ দেশের জল, জমি, জঙ্গল ও জনের যথাযোগ্য যত্ন ও সুপরিকল্পিত উন্নয়নচিন্তা অপরিহার্য।
বক্তৃতায় আরও বলা হয়, জ্ঞানচিন্তা, শিল্পকলা, সাহিত্য, নাট্যকলা, সংগীত ও সংস্কৃতির নানা শাখায় বাংলাদেশের বাঙালিদের নতুন চিন্তা ও আয়োজন উপেক্ষার নয়। এ দেশের এক কর্মবীর চিন্তক বর্তমান বিশ্বের সর্ব প্রভাবশালী চিন্তকদের একজন। এ দেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের, বাঙালির বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন ও তা বাস্তবায়ন করে গেছেন।
বক্তৃতায় অধ্যাপক নজরুল ইসলাম বাংলাদেশ সৃষ্টির ভৌগোলিক যৌক্তিকতা; বাংলাদেশের ভৌগোলিক অবস্থান; ভূমিরূপ, জলবায়ু ও দুর্যোগ; নদী, পানি ও মাছ; জমি সম্পদ, কৃষি ও মাটি; খনিজ ও জ্বালানি; জঙ্গল ও বনজ সম্পদ; জনসংখ্যা, জনঘনত্ব ও জনশক্তি; জনপদ, শিল্পায়ন ও নগরায়ণ বিষয়ে অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিশ্লেষণ তুলে ধরেন। এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক আহমেদ আবদুল্লাহ জামাল। ধন্যবাদ জানান সোসাইটির সম্পাদক অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী।