'বাংলাদেশ সংবিধানে জনগণের রাষ্ট্র কার্যত তা নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, বাংলাদেশ কথায়, রাজনীতি, সংবিধানে জনগণের রাষ্ট্র। কিন্তু কার্যত তা নয়।
গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতায় হাসান আজিজুল হক এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ পুরোপুরি সফল গণতান্ত্রিক রাষ্ট্র হলে প্রাথমিক শিক্ষা নামকাওয়াস্তে বাধ্যতামূলক না হয়ে বাস্তবেই বাধ্যতামূলক হতো। অক্ষরজ্ঞানশূন্য মানুষ বাংলাদেশে থাকত না।
সকালে সিনেট ভবনে অনুষ্ঠিত এই বক্তৃতায় হাসান আজিজুল হক আরও বলেন, উটপাখির মতো বালুতে মুখ গুঁজে ত্রুটি বা বিফলতাগুলো এড়িয়ে যাওয়া যায় না। বরং বুক বেঁধে এগিয়ে যাওয়ার জন্য সংকল্প করাই আসল কথা। রোগ না বুঝলে প্রতিকার, নিরাময় সম্ভব নয়।
রসায়ন বিভাগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন ও কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ। ড. জোহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
উনসত্তরের গণ-অভ্যুত্থানকালে ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। তিনি দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। উপাচার্যের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালে শহীদ জোহার কবরে ও জোহা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাঁরা এক মিনিট নীরবতা পালন করেন। এ ছাড়া বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ছাত্রসংগঠন, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন শ্রদ্ধা জানায়।