'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিমসহ সকল ধর্মের লোক একসঙ্গে বাস করছে।
গতকাল বুধবার মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনিতে বৌদ্ধধর্মের পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মভিটায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পঙ্কজ সরন এসব কথা বলেন। অতীশ দীপঙ্করের জন্মভিটায় তাঁর পরিদর্শন উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এ আলোচনা সভার আয়োজন করে। পঙ্কজ সরন বলেন, অতীশ দীপঙ্করের জন্মভিটায় বিশ্ববিদ্যালয় নির্মাণে ভারত সরকার সাধ্যমতো সহযোগিতা করবে। এখানে পাঠাগার ও জাদুঘর নির্মাণেও সহযোগিতা করা হবে।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের সভায় সভাপতিত্ব করেন। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, আওয়ামী লীগের উপদেষ্টা প্রণব কুমার বড়ুয়া, সাবেক পুলিশ কর্মকর্তা পিয়ার বড়ুয়া, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কুদ্দুস আলী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অর্থ সম্পাদক প্রমথ বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে ভারতের হাইকমিশনার অতীশ দীপঙ্করের জন্মভিটা ঘুরে দেখেন।