'বাংলাদেশকে জানাব ভারতকে জানব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুই চোখ মেলে ভারতকে দেখব, জানব আর আমার দেশ বাংলাদেশকে জানাব’—গতকাল রোববার রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হাসিমুখে কথাগুলো বলছিলেন জোবায়েদা শিরিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী অবশ্য বেশি মুখিয়ে আছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতের জন্য।
কেবল জোবায়েদা একা নন, তাঁর সঙ্গে আরও ৯৯ জন তরুণ-তরুণী আট দিনের ভারত সফরে যাচ্ছেন আজ সোমবার। যাঁদের বেশির ভাগই বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। ফলাফলের ভিত্তিতেই তাঁদের এই সফরে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার।
এ উপলক্ষে গতকাল দুপুরে পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অভিনেত্রী মেহজাবিন ও কণ্ঠশিল্পী হাবিব তাঁদের ভারত সফরের অভিজ্ঞতা তুলে ধরেন।
১০০ জনের সফরকারীর মধ্যে আরও আছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ১৫ জন সাংবাদিক, একজন করে শিক্ষক ও ক্রিকেটার।
বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন ভারত সফরের অভিজ্ঞতা শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে কাজে আসবে মন্তব্য করে বলেন, ‘তোমরা ভারতের জনগণের কাছে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানাবে।’