‘বাংলাদেশকে সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতের সামর্থ্য অর্জন করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই অঞ্চলের শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক উন্নয়ন-প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে। তবে যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশকে তার সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার সামর্থ্য অর্জন করতে হবে। বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের শীর্ষ অধিনায়ক অ্যাডমিরাল স্যামুয়েল জে লকলিয়ার (তৃতীয়) স্থানীয় সাংবাদিকদের কাছে তাঁর দেশের এই মনোভাবের কথা জানান। রাজধানীর রেডিসন হোটেলে গত বুধবার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে অ্যাডমিরাল লকলিয়ার বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, বাংলাদেশ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে এমন ফলপ্রসূ সম্পর্ক বেছে নেবে, যা নিরাপত্তা পরিবেশের জন্য সহায়ক হবে।’ চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সুসম্পর্ককে যুক্তরাষ্ট্র কী চোখে দেখে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে পরিবেশ ও ভূপ্রাকৃতিক নানা চ্যালেঞ্জ আছে। বাংলাদেশের যেকোনো সমস্যায় সম-অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র তার পাশে থাকতে চায়। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত অগ্রাধিকার চিহ্নিতকরণ, অর্থনৈতিক খাত উন্নয়ন ও তাতে সহায়তা করতে চায়।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, বাংলাদেশের সামরিক বাহিনী ও সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পর্ক বৃদ্ধি পাওয়ার বিষয়টি উচ্চমাত্রায় অগ্রাধিকার পেয়ে চলেছে।এ অঞ্চলের পাঁচটি দেশে মার্কিন বিশেষ বাহিনী উপস্থিত আছে বলে আলোচনা ছিল। এখনো কি তারা বহাল আছে? জানতে চাইলে অ্যাডমিরাল লকলিয়ার বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী কোনো মিত্র দেশে তখনই থাকে, যখন তারা সংশ্লিষ্ট দেশ থেকে আমন্ত্রণ পায়। অনেক সময় স্বাগতিক দেশের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিতেও স্পেশাল ফোর্স সক্রিয় থাকতে পারে। তবে তারা তখন সংশ্লিষ্ট দেশের মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে কাজ করে।’বঙ্গোপসাগরে কোনো সমস্যা সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কী ধরনের সহযোগিতা দিতে পারে—জানতে চাইলে লকলিয়ার জানান, এটা নির্ভর করে বাংলাদেশ কোন পরিস্থিতিতে কী ধরনের সাহায্য চাইবে, তার ওপর। তবে বাংলাদেশকেই তার সমুদ্রবিষয়ক নিরাপত্তা নিশ্চিত করার সামর্থ্য অর্জন করতে হবে।উত্তর চীন সমুদ্রে চীন-জাপানের মতো উত্তেজনা বঙ্গোপসাগরেও ঘটতে পারে কি না, জানতে চাইলে লকলিয়ারের মন্তব্য, ‘উত্তর চীন সমুদ্রের কোনো ভূখণ্ডগত বিরোধে আমরা কারও পক্ষ অবলম্বন করিনি। আর বঙ্গোপসাগর এলাকায় সম্ভাব্য বিরোধ একটি হাইপোথেটিক্যাল বিষয়।’বাংলাদেশে মার্কিন সামরিক কর্মকর্তাদের ঘন ঘন সফরের কারণ জানতে চাইলে অ্যাডমিরাল লকলিয়ার বলেন, ‘এটা অনুধাবন করতে হলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর “পুনর্বিন্যাসকরণ নীতি” বিবেচনায় নিতে হবে। এর সঙ্গে অর্থনৈতিক, জলবায়ু, জনসংখ্যা ও নিরাপত্তাগত অনেক কিছুই সম্পৃক্ত।’