'বাংলাদেশি শ্রমিক নয়, রোহিঙ্গাদের কাজ দিন'
মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি শ্রমিক নেওয়ার পরিবর্তে সেখানে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়োগের অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির একজন জ্যেষ্ঠ গবেষক। খবর বার্নামার।
জননীতিবিষয়ক গবেষণা–প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের (আইডিয়াস) প্রধান নির্বাহী ওয়ান সাইফুল ওয়ান জান ওই অভিমত দেন। তিনি মালয়েশিয়ার বনায়ন খাতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেওয়ার সরকারি সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলেন, স্পষ্টতই ওই শ্রমিকেরা এ খাতে কাজ করতে চান না। এর চেয়ে ভালো হবে ইতিমধ্যেই যে শত শত রোহিঙ্গা মালয়েশিয়ায় অবস্থান করছে, তাদের কাজ দেওয়া। তাহলে তারা আরও ভালোভাবে জীবনযাপনের সুযোগ পাবে। আর এতে বিদেশি শ্রমিক আনতে মধ্যস্থতাকারীদের পেছনে বাড়তি অর্থও ব্যয় করতে হবে না।
ওয়ান সাইফুল ওয়ান জান গত শুক্রবার এক বিবৃতিতে আরও বলেন, বাংলাদেশি শ্রমিকেরা সাধারণত কৃষি উৎপাদনশিল্পে কাজ করতে চান না। সরকারিভাবে প্রত্যাশার চেয়ে কম শ্রমিক পাঠানোর কথা উল্লেখ করে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো স্পষ্টতই লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
আগে অবৈধ বিদেশি শ্রমিক ফেরত: এদিকে বাংলাদেশ থেকে নতুন শ্রমিক নেওয়ার আগেই মালয়েশিয়ায় কর্মরত অবৈধ বিদেশি শ্রমিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেরি আহমদ জাহিদ হামিদি সাবাহ
প্রদেশে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।