'বাংলাদেশিদের অনুপ্রবেশ' নিয়ে বিতর্ক চায় আরএসএস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী অনুপ্রবেশ’-সংক্রান্ত হাজারিকা কমিশনের প্রতিবেদন নিয়ে দেশব্যাপী আলোচনার দাবি জানিয়েছে। খবর পিটিআইয়ের।
হাজারিকা কমিশন ভারতের সুপ্রিম কোর্টে প্রতিবেদনটি উপস্থাপন করে। ‘বাংলাদেশিদের অনুপ্রবেশের’ ফলে আসামের আদিবাসীরা ২০৪৭ সালের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হবে—এমন আশঙ্কা প্রকাশ করে এই কমিশন।
গত বৃহস্পতিবার রাঁচিতে আরএসএসের গণমাধ্যম শাখার প্রধান মনমোহন বিদ্যা বলেন, হাজারিকা কমিশনের প্রতিবেদনে ওই অঞ্চলের জনসংখ্যা বিন্যাসের পরিবর্তনের অবাক করা তথ্য উঠে এসেছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তবে অচিরেই সেখানে ভারতীয় জনসংখ্যা কমে ভিনদেশির সংখ্যা বেড়ে যাবে।
রাঁচিতে গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া আরএসএসের তিন দিনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ‘ভারসাম্যহীন জনসংখ্যা বৃদ্ধি’ নিয়ে আলোচনা হওয়ার কথা। মনমোহন বিদ্যা জানিয়েছেন, সেখানে এ-সংক্রান্ত প্রস্তাবও গৃহীত হতে পারে।