'বাংলাদেশে অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাস চর্চার ধারা ক্ষীণ'
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশে অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাস চর্চার ধারা ক্ষীণ। অথচ মুক্তিযুদ্ধের মূল চেতনাই অসাম্প্রদায়িকতা ও গণমুখিতা। এখানে যেসব একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে, তাদের ইতিহাস চর্চায়ও এ দুটি উপাদানের অভাব খানিকটা রয়েছে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ইতিহাস সম্মিলনী তাদের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দিনভর ছয়টি অধিবেশনে ৪০টির বেশি প্রবন্ধ উপস্থাপন করা হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ‘পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিভিন্ন ধরন আমাদের মনোজগৎ থেকে সম্পূর্ণ বিতাড়িত হয়নি। কিছু রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ডে আমরা সেই ঔপনিবেশিক শাসনের চিহ্ন দেখতে পাই, যা আশঙ্কার কারণ। উদাহরণ হিসেবে পৃথিবীর কোথাও কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ সমর্থন করেনি। কিন্তু এ দেশে করেছে।’ তিনি আরও বলেন, ‘তারা ইতিহাস বিকৃত করেছে, যা অপরাধ। এর কারণ সঠিক ইতিহাস না পড়ানো এবং তা চর্চা না করা। এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব অস্বীকার করা যায় না। কিন্তু ইতিহাসবিদদেরও দায়িত্ব রয়েছে। ইতিহাস না জানলে ভবিষ্যতের পথরেখা নির্দেশ করা দুরূহ।’
মন্ত্রী আরও বলেন, ইতিহাস নিরপেক্ষ হয় কি না, সেটা নির্ণয় করবে ঐতিহাসিকেরা। যদি নিরপেক্ষ হতো, তবে ইতিহাস সম্মিলনীর অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাস চর্চার স্লোগানের প্রয়োজন হতো না।
বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যাপক মেসবাহ কামাল। পরে বিভিন্ন কক্ষে সাহিত্য, উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি, সমাজ ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বহির্বিশ্ব এবং প্রতিষ্ঠান ও সংরক্ষণ শিরোনামে আলাদা অধিবেশন শুরু হয়।