'বাংলাদেশে জেন্ডারভিত্তিক সহিংসতা ব্যাপক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জেন্ডারভিত্তিক সহিংসতার বিস্তৃতি ব্যাপক। বিভিন্ন ধরনের পরিসংখ্যান অনুযায়ী, প্রতি সপ্তাহে ১০ জনেরও বেশি নারী কোনো না-কোনো ধরনের সহিংসতার শিকার হন। প্রতিনিয়ত বিক্ষিপ্তভাবে এই সহিংসতা ঘটে চলেছে। এ ছাড়া বিভিন্ন মাত্রার বৈষম্য ও হয়রানি নারীদের জীবিকা ও সাফল্য অর্জনের পথকে সংকুচিত করে রাখছে।

আজ শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীর চারুকলা মিলনায়তনে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘উদ্যমে উত্তরণে শত কোটি অভিযান বাংলাদেশ’ আয়োজিত ‘অদম্য’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলা হয়।
অনুষ্ঠানে সেসব নারীর কথা সামনে আনা হয়েছে, যাঁরা সাহসী জীবিকা বেছে নেওয়ার সঙ্গে সঙ্গে সমাজের সার্বক্ষণিক বাধাবিঘ্ন অতিক্রম করে সাফল্য অর্জন করেছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষমতায়ন একক কোনো পদক্ষেপ নয়। এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে ধারাবাহিকভাবে শক্তি আহরণ, আত্মবিশ্বাস অর্জন, বাধা অতিক্রম, নিজের অবস্থানের জন্য সংগ্রাম, আদর্শের পক্ষে দাঁড়ান এবং দৃঢ় পদক্ষেপে সাফল্য অর্জন করে যেতে হয় সবাইকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট ও ফুটবলে সাফল্য অর্জনকারী চম্পা চাকমা, অ্যাসিড ভায়োলেন্স সারভাইভারস অ্যান্ড রাইটস অ্যাকটিভিস্ট নুরুন নাহার, দৃষ্টিপ্রতিবন্ধী সরকারি ব্যাংকের কর্মকর্তা ফারজানা আখতার, পারিবারিক নির্যাতনের শিকার শিক্ষক ফারজাহান, ট্রান্সজেন্ডার অ্যাকটিভিস্ট জয়া এবং টেক ফ্রিল্যান্সার নাজুবা।
ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্যমে উত্তরণে শত কোটি অভিযান (ওবিআরফোরজে) বাংলাদেশের সমন্বয়ক ও নারী আন্দোলনের কর্মী খুশী কবিরসহ বহু উন্নয়ন সংস্থার প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বছর উদ্যমে উত্তরণে শত কোটি অভিযানের দ্বিতীয় পর্ব (ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্যমে উত্তরণে শত কোটি অভিযান ওবিআরফোরজে) শুরু হওয়ার সময় ১৪ ফেব্রুয়ারি জাগরণকে আরও সংহত করার লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘উদ্যমে উত্তরণে শত কোটি—ন্যায়বিচারের দাবিতে’ একটি আন্তর্জাতিক আহ্বান। নারীদের মধ্যে যারা আদালত, পুলিশ কার্যালয়, সরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয়, প্রশাসনিক ভবন, কর্মক্ষেত্রসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন তথাপি পাচ্ছেন না তাদের নীরবতা ভাঙতে এবং নাচ-গান-শিল্প-কসরতের মাধ্যমে রাজনৈতিক, আধ্যাত্মিক বেপরোয়াভাবে তাদের নিজেদের গল্প শোনাবার জন্য এ আহ্বান। আজ অনুষ্ঠিত অদম্য অনুষ্ঠানটি সামাজিক ও লিঙ্গ বৈষম্যের বাধা পার হয়ে সাধারণ মানুষের সম্ভাব্য লক্ষ্যে পৌঁছানোর গল্পগুলোর একটি প্রদর্শনী।