'বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি কম' তথ্য সঠিক নয় - অধ্যাপক জামিলুর রেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি কম তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আগে অবহেলা করা হলেও এখন বোঝা যাচ্ছে ভূমিকম্পের ঝুঁকি অনেক বেশি।
রাজধানীর ছায়ানট মিলনায়তনে গত শনিবার ‘লার্নিং অ্যাবাউট আর্থকোয়েক অ্যান্ড আর্কিটেকচার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)। ভূ-তাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ ভূমিকম্পের ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ, এর কারণ, মাত্রা, ক্ষয়ক্ষতি এবং সে আলোকে করণীয় বিষয়ে সেমিনারটির আয়োজন করা হয়।
জামিলুর রেজা বলেন, ‘ভূমিকম্প নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকার বিভিন্ন অংশে মাটি ভরাট করে যেসব ভবন নির্মাণ করা হচ্ছে সেসব সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।’ তিনি ক্ষয়ক্ষতি কমাতে ভবন নির্মাণের নকশা মেনে ভবন নির্মাণের পরামর্শ দেন।
সেমিনারে আলোচকেরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে ভবনের নকশা এবং নগর পরিকল্পনার নানা দিক নিয়ে আলোচনা করেন। ভূমিকম্প–পরবর্তী প্রস্তুতির ক্ষেত্রে তাঁরা যেসব বিষয়ে গুরুত্বারোপ করেন সেগুলোর মধ্যে আশ্রয়কেন্দ্রের আধুনিকায়ন, ফায়ার সার্ভিস বিভাগের সক্ষমতা ও আধুনিকায়ন, পাড়া-মহল্লায় ভূমিকম্প ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা করা, দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি যাতে পৌঁছাতে পারে সে জন্য সরু সড়কগুলো প্রশস্ত করা অন্যতম।
সেমিনারে বাস্থইর সাধারণ সম্পাদক কাজী এম আরিফের সঞ্চালনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।