'বাংলাদেশে সন্ত্রাসবাদীদের ঠাঁই নেই'
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসীদের ঠাঁই নেই। ভারতের যে সব সন্ত্রাসী বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তাদের আটকের পর ফিরিয়ে দেওয়া হয়েছে। আশা করছি ভারতও একইভাবে তাদের ভূখণ্ডে বাংলাদেশ বিরোধী যেসব ক্যাম্প বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে আগরতলা স্থলবন্দর পরিদর্শন শেষে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মতোই সন্ত্রাসবাদীদের বিষয়ে ‘জিরো টলারেন্স’ দেখাচ্ছে বাংলাদেশ। তাই উন্নতিও হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের।
হাইকমিশনার আরও বলেন, ১৯৬৫ সালের আগে ভারতের সঙ্গে নয়টি পয়েন্ট দিয়ে রেলযোগাযোগ ছিল। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় এগুলো উঠিয়ে ফেলা হয়। এখন আবার চেষ্টা চলছে ওই নয়টি পয়েন্ট দিয়ে পুনরায় রেল যোগাযোগ স্থাপনের। এর মধ্যে আখাউড়া-আগরতলাও রয়েছে। আগামী দুই বছরের মধ্যে রেলযোগাযোগের এই কাজগুলো শেষ হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে ভারতের রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।
এক প্রশ্নের উত্তরে হাইকমিশনার বলেন, এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আখাউড়া অংশের রাস্তাটি চওড়া করতে হবে। এখান দিয়ে বড় বড় ট্রাক চলাচল করবে। একই সঙ্গে আখাউড়া স্থলবন্দরে যাত্রী পরিষেবা বাড়াতে হবে। বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য ছোট গাড়ির ব্যবস্থাও করা যেতে পারে। কারণ এখানে অনেকটা পথ মানুষকে হেঁটে যেতে হয়।
বাংলাদেশের সঙ্গে আখাউড়া-আগরতলা সীমান্ত অবকাঠামো তৈরি বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার বলেন, ‘বিষয়টি বিবেচনাধীন আছে। এর ভালো ও মন্দ দুই দিকই আছে।’
বাংলাদেশি যাত্রীদের আগরতলা শুল্ক বিভাগের হয়রানির অভিযোগ বিষয়ে হাইকমিশনার বলেন, সমস্যা যেগুলো আছে তা নিরসনের চেষ্টা চলছে। এই সমস্যাও নিরসনের চেষ্টা করা হবে।