'বাংলাদেশে সাংস্কৃতিক উজ্জীবন প্রয়োজন'
বাংলাদেশে সাংস্কৃতিক উজ্জীবনের জন্য প্রতিবছর অন্তত ৬০ হাজার থেকে এক লাখ ২০ হাজার বই প্রকাশ হওয়া উচিত বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। তিনি বলেন, চীনের অর্থনৈতিক উন্নতি যুক্তরাজ্যের শিল্প বিপ্লবের চেয়ে অন্তত ৭০০ থেকে ৮০০ গুণ বেশি। তাঁদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করে হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে।
আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘চীনের চান্দ্র নববর্ষ ও বাংলাদেশের বসন্ত উৎসব উদযাপন’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আকবর আলি খান এসব কথা বলেন। বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমি এই সভার আয়োজন করে।
সভার প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি খান বলেন, ‘চীনের নববর্ষ ও বাংলাদেশের বসন্তের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে—দুটোই শীতের শেষে আসে। অর্থাৎ সূর্যের দিকে নতুন করে যাত্রা করে, আশার সঞ্চার করে। বসন্তকালে আমরা নতুন করে আবার সূর্যের দিকে যাত্রা শুরু করলাম। আশা করি শীতের যে সমস্যা, তা দূর হয়ে যাবে এবং আবার স্বতঃস্ফূর্ততা ফিরে আসবে।’
চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক উল্লেখ করে আকবর আলি খান বলেন, এ সম্পর্ককে সুদৃঢ় গতিতে ও হাতে হাত ধরে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের প্রয়োজন সাংস্কৃতিক উজ্জীবন। বাংলাদেশের বসন্ত শুধু বসন্ত নয়, এটি রোদনভরা বসন্ত। ফেব্রুয়ারিতে এ বসন্তের শুরু আবার এটিই ভাষার মাস। যে দেশে ভাষা আন্দোলনের মতো গণ-আন্দোলন পুরো সংস্কৃতিকে উজ্জীবিত করেছে, সে দেশে বছরে কয়টি বই প্রকাশিত হয়? বইমেলার সাড়ে তিন হাজার মিলে সর্বোচ্চ ছয় হাজার। কিন্তু ইউনেসকোর তথ্য মতে, চীনে প্রতিবছর সাড়ে চার লাখ বই বের হয়। এ জন্যই তাদের জ্ঞানভান্ডারের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে।
আলোচনা সভার অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত ইয়াং শি চ্যাও বলেন, চীনের প্রতিটি বছর আলাদা একটি করে প্রাণী দিয়ে আবর্ত হয়। এ বছর হচ্ছে বানর বর্ষ। চীনাদের কাছে বানর জ্ঞান ও স্মার্টনেসের প্রতীক। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক সম্পর্ক হাজার হাজার বছরের পুরোনো। এই প্রক্রিয়া এখনো চলছে। বাংলাদেশে চীনা ভাষা শেখার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। চীন সরকার প্রতিবছর সে দেশে যাওয়ার জন্য বাংলাদেশের ১০০ জনের বেশি মানুষকে বৃত্তি দেয়। তিনি এ সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী শাহীন সামাদ প্রমুখ বক্তব্য দেন। সভায় সাতজন বিশিষ্ট ব্যক্তিকে বাংলাদেশ-চীন মৈত্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়। আলোচনার পর হয় সাংস্কৃতিক পরিবেশনা।