বাংলাদেশ সফরে আসা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতিনিধিদলের এক নেতা বলেছেন, বাংলাদেশে বহু হিন্দু তাঁদের বলেছেন যে দেশটিতে তাঁরা এখন নিরাপদ বোধ করছেন না। বাংলাদেশে হিন্দুদের মনোবলে যে চিড় ধরেছে, সেটি ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশি হিন্দুদের এই মনোভাব তাঁরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও তুলে ধরবেন।
মাদারীপুরের একটি সংগঠনের আমন্ত্রণে সনাতন ধর্মের সম্মেলনে যোগ দিতে ভারত থেকে কয়েক দিন আগেই যে তিনজন রাজনীতিবিদ এসেছেন, তাঁদের মধ্যে একজন হলেন বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অরুণ হালদার।
সফররত বিজেপির প্রতিনিধিদলের বাকি দুজনের মধ্যে একজন হচ্ছেন সংসদ সদস্য ও বিজেপির সমমনা দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার কেন্দ্রীয় সভাপতি রাম দাস আতোয়াল এবং অন্যজন হচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা সুরেশ পূজারি। এই দলটি মাদারীপুর ছাড়াও অনানুষ্ঠানিকভাবে ঝালকাঠি, পটুয়াখালী ও চট্টগ্রামে গিয়েছে বলে সরকারি সূত্রগুলো বলছে। তবে বিজেপির নেতা অরুণ হালদার অবশ্য
বলেছেন, দলটি শুধুই মাদারীপুর ও ঝালকাঠিতে গিয়েছিল।
অরুণ হালদার বিবিসি বাংলাকে বলেন, ‘বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করছে—এ রকম রিপোর্ট আমাদের কাছে ছিল। কিন্তু সম্মেলন থেকে আওয়াজ উঠেছে যে হয় আমাদের সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করা হোক, না হলে আমরা দলে দলে এখান থেকে সব পশ্চিমবঙ্গে চলে যাবে।’ বাংলাদেশি হিন্দুরা অনিরাপদ বোধ করলে ভারতের বোঝা হবে, এই ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, ‘সফর শেষ করে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী—সবার কাছে এ চিত্রটাই তুলে ধরব।’
অরুণ হালদার আরও বলেন, ‘কিছুদিন আগে হিন্দু ধর্মাবলম্বী একজন প্রধান শিক্ষককে কান ধরে ওঠবস করানো হয়। এ ছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরাখবর আসে নির্যাতনের। সেগুলো শুনেও ভাবতাম যে বিচ্ছিন্ন কিছু ঘটছে। কিন্তু এখন হাজার হাজার মানুষ এ জিনিসটাই বলছে।’
ভারতের প্রতিনিধিদলের কাছে হিন্দুদের অভিযোগটি বাংলাদেশ সরকার কীভাবে দেখছে জানতে চাইলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বিবিসি বাংলাকে বলেন, ‘যেখানেই এ ধরনের হিন্দু জনগোষ্ঠী আছে, তাদের রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলীয়ভাবে আমরা সবচেয়ে ধর্মনিরপেক্ষ এবং এটাকে তুলে ধরার জন্য চেষ্টাও করি। আমাদের দল ও সরকারের দিকে তাকালে দেখবেন, সংখ্যালঘুদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। বড় চাকরিই বলুন কিংবা অন্যান্য জায়গাতেই বলুন, সব জায়গাতেই। এই সরকারের যে নীতি, তা থেকে সরকার মোটেও বিচ্যুত হয়নি।’
সরকারি সূত্রগুলো আরও বলছে, ভারতীয় দলটির এ সফর অনানুষ্ঠানিক এবং সরকারি পর্যায়ের কোনো সফর নয়। তারপরও তারা দেশের বিভিন্ন জায়গায় যে যাচ্ছে, সে ব্যাপারে সরকার অবহিত রয়েছে। ভারতের এই প্রতিনিধিদলের সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। প্রতিনিধিদলটি ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গেও বৈঠক করেছে। কিন্তু হিন্দুদের অনিরাপদ বোধ করার জন্য কে দায়ী—এমন প্রশ্নে অরুণ হালদার বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশন তাদের এমন ধারণা দিয়েছে যে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকারের ‘বদনাম’ করার জন্য একটি মহল এ কাজ করছে।