'বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি দেখে বিশ্ব অবাক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেছেন, ৪৫ বছর আগে দেশের সাড়ে সাত কোটি মানুষকে খাওয়ানোর অন্ন ছিল না। আর এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অতিরিক্ত উৎপাদিত খাদ্য কী করা হবে, তা নিয়ে চিন্তা করতে হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি দেখে বিশ্ব আজ অবাক। এই সবকিছু সম্ভব হয়েছে উচ্চশিক্ষার প্রসারের ফলে।
গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হল মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, ‘লোকপ্রশাসন বিভাগকে একক বিভাগ করার আন্দোলনে আমিও যুক্ত ছিলাম। এ জন্য এক শিক্ষক মৃদু শাস্তি দিয়েছিলেন। অনেক আন্দোলনের মাধ্যমে এই বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল। এ বিভাগ প্রতিষ্ঠার জন্য আর আই চৌধুরীকে (বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য) স্মরণ করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সভাপতি সিরাজ উদ দৌল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মুস্তাফিজুর রহমান চৌধুরী; কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী; বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী; বিভাগের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ নুরুল ইসলাম; জে এম এস হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবদুর রব হলের মাঠে এসে শেষ হয়।
বিকেলে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া ছিল ব্যান্ড দল ওয়ারফেজের পরিবেশনা।