'বাংলাদেশের নারী সেনারা ভীষণ উদ্যমী'

বাংলাদেশ সেনাবাহিনীর নারীরা ভীষণ উদ্যমী। তাঁরা নিজেদের আত্মবিশ্বাসের ওপর ভর করে সব প্রতিবন্ধকতা মোকাবিলা করতে সক্ষম।
এ মন্তব্য করেছেন মার্কিন সেনাবাহিনীর নারী প্রতিনিধি কর্নেল জেনিফার ওয়াকার।
ঢাকায় সেনা সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নারী সেনা কর্মকর্তাদের দুই দিনব্যাপী সেমিনার শেষে গত বৃহস্পতিবার বিকেলে মার্কিন নারী সেনা প্রতিনিধিদলের প্রধান জেনিফার ওয়াকার সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশের নারী সেনাদের ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশের নারীরা শুধু পেশাদারিই নয়, তাঁরা তাঁদের ব্যক্তিত্বও দারুণভাবে ধরে রাখতে পারেন। বিষয়টি আমাদের আকর্ষণ করেছে।’
৫ মার্চ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর নারী কর্মকর্তাদের নিয়ে যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়। ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নারী সেনা কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সেমিনারে মার্কিন সামরিক বাহিনীর সাত সদস্যের নারী প্রতিনিধিদল অংশ নেয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ৩০০ নারী কর্মকর্তা অংশ নেন।
সেমিনারে সমাপনী বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ বলেন, ‘আমাদের দেশে নারীরা ঘরের ভেতরে আর বন্দী থাকছেন না, তাঁরা পুরুষের পাশাপাশি সব ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।’ তিনি বলেন, নারীরা সব ক্ষেত্রে মনোযোগ দিয়ে ভালো কাজ করতে সক্ষমতা দেখিয়েছেন।
সেমিনারে উঠে আসে নারীর কর্মক্ষেত্রের হাজারও সমস্যা ও সমাধানের কথা। সেমিনারে মার্কিন প্রতিনিধিদল চারটি বিষয় এবং বাংলাদেশের নারী সেনা কর্মকর্তারা তিনটি বিষয় উপস্থাপন করেন।
সেমিনারে বাংলাদেশের নারী সেনা কর্মকর্তাদের নেতৃত্ব দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল রেহেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে চাকরিটা চ্যালেঞ্জিং। আমাদের কষ্ট করে ওপরে উঠতে হয়। কাজের ক্ষেত্রে কোনো কিছু বাধার সৃষ্টি করছে কি না, তা নিয়ে সেমিনারে আলোচনা হয়েছে।’
সেমিনারে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে প্রায় এক হাজার ৩০০ নারীকে রিক্রুট করা হয়েছে। তাঁদের এক বছরের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া অদূর ভবিষতে নারী সৈনিকদের নিয়েও এ ধরনের সেমিনারের আয়োজন করা হবে।