‘মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম। বাবা নুরুজ্জামান মুক্তিযুদ্ধে গেলে অসহায় মা শিরিনা বেগম সদ্য জন্মানো আমাকে নিয়ে ভীষণ বিপদে পড়েন। তখন চরম অপুষ্টিতে বড় হই। গ্রাম্য চিকিৎসায় বাল্যকালে হাঁটাচলা করতে পারলেও ২৫ বছর বয়স থেকে ধীরে ধীরে বাতব্যথায় পঙ্গু হয়ে পড়ি। সহায়-সম্বল না থাকায় ভালো চিকিৎসা করতে পারিনি। একে তো ছিটের মানুষ, পরাধীন। তারপর আবার পঙ্গু। মাঝে মাঝে মনে হয় মরে যাই। ছাওয়াগুলার দিকে তাকায়া পারি না।’
কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভারতীয় ছিটমহল ছোট গাড়োলঝোড় ছিটের বাসিন্দা বিপ্লব আলী (৪০)। তিনি ২৫ বছর ধরে বাতজ্বর রোগে আক্রান্ত। গতকাল সোমবার কুড়িগ্রাম থেকে ৬০ কিলোমিটার দূরে ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের
অভ্যন্তরে ভারতীয় ছিটমহল ছোট গাড়োলঝোড় ছিটে বিপ্লব আলীর বাড়ির উঠানে কথা হয় তাঁর সঙ্গে। জীবনের এত ভোগান্তির পরও ছিটমহলটি বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছেন মানুষটি। তিনি সেই স্বপ্নের রেশ টেনে বলেন, ‘বাবা ছিটের মানুষ হয়াও মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করছে। আশা ছিল আমরাও স্বাধীন হব। হই নাই। কারণ, আমরা ছিটের মানুষ ছিলাম। এখানে হাসপাতাল নাই, ডাক্তার নাই। এখন আমি বাংলাদেশের নাগরিক। এখন চিকিৎসা পাব। ভালো হয়া বাংলাদেশের পতাকা
নিয়া হাঁটব।’
কথা বলে জানা যায়, ২৫ থেকে ৩০ বছর আগে বিপ্লব আলীর বাবা-মা দুজনেই মারা যান। বাবার ৭২ শতাংশ জমির ফসলই তাঁর পরিবারের বেঁচে থাকার একমাত্র সম্বল। বাংলাদেশ-ভারত যৌথ জনগণনায় তিনি পরিবারসহ বাংলাদেশে থাকার জন্য তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। বিপ্লব আলী বলেন, ‘এই ৭২ শতাংশ জমি হামার বাপ-দাদার। কাগজপাতি কী আছে জানি না। এই জমি কোনো কারণে হাতছাড়া হলে হামার পরিবারের পাঁচজনক মরা ছাড়া আর পথ নাই।’ বর্তমানে তাঁর পরিবারে স্ত্রী আজিরন, দুই মেয়ে বিপাশা (১০), বিথি (৭) এবং দেড় বছরের ছেলে আরিফুল আছে।
বিপ্লব আলীর স্ত্রী আজিরন জানান, ‘স্বামী অসুস্থ। কামাই করবার পারে না। উপায় না পায়া এ বাড়ি ও বাড়ি কাম করি।’
প্রতিবেশী আলিমুদ্দিন (৬০) জানান, ‘প্রতিদিন ঘুম থেকে উঠে মানুষটার কষ্ট দেখি। গড়িয়ে গড়িয়ে ঘর থেকে বের হন। ছিটের মানুষে বলে তেমন কোনো সহযোগিতাও পান না। একটা হুইলচেয়ার থাকলে কষ্ট কিছুটা লাঘব হতো।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, ‘পরিবারটি খুব অসহায়। আমি ব্যক্তিগতভাবে কয়েক ঈদে হলুদ কার্ডের মাধ্যমে চাল বরাদ্দ দিয়েছি।’
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নজরুল ইসলাম জানায়, মূলত অপুষ্টিসহ নানাবিধ কারণে বাতরোগ হয়। দীর্ঘমেয়াদি চিকিৎসায় এ ধরনের রোগী সুস্থ্য থাকতে পারেন।