বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়নে পাশে থাকবে চীন। গত বুধবার রাতে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে চীনের হেনান প্রদেশের ভাইস গভর্নর ঝাং গুয়াংঝি এ কথা বলেন।
‘কক্সবাজারের পর্যটন উন্নয়ন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করেছে ট্রাভেল এজেন্সি ‘এ্যাট আর্থ বাংলাদেশ লি.’। চীনের হেনান প্রদেশের ভাইস গভর্নরের নেতৃত্বে বাংলাদেশ সফররত ৩২ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা সেমিনারে অংশ নেন।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সচিব এস এম গোলাম ফারুক।
রাশেদ খান মেনন বলেন, ‘বর্তমান সরকার পর্যটন খাতের উন্নয়নে জোর দিয়েছে। পরিকল্পিতভাবে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। আমরা আশা করি, পর্যটনের উন্নয়নে চীন পাশে থাকবে।’
চীনের হেনান প্রদেশের ভাইস গভর্নর বলেন, বাংলাদেশের পর্যটনশিল্পে বিনিয়োগের খাত অত্যন্ত সম্ভাবনাময়। দেশে ফিরে বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের এ সম্পর্কে জানানো হবে। পর্যটনের উন্নয়নে অবশ্যই বাংলাদেশের পাশে থাকবে চীন।
অনুষ্ঠান শেষে পর্যটনমন্ত্রী আয়োজিত ভোজে যোগ দেয় চীনের প্রতিনিধিদল।