'বাংলাদেশের প্রতি বৈরী' নীতিতে পাকিস্তান
দৃশ্যত ‘সম্পর্ক ভালো’ দেখালেও কার্যত ‘বাংলাদেশের প্রতি বৈরী’ নীতিতে হাঁটার ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান। গত বছরের নভেম্বর থেকে পাকিস্তানের এমন অবস্থান দেশটিতে কর্মরত বাংলাদেশের কূটনীতিকদের জন্য অস্বস্তি তৈরি করেছে।
গতকাল বুধবার ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এমন আভাস দিয়েছে।
তবে করাচির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইসলামাবাদে এমন পরিস্থিতি চললেও করাচির চিত্রটা ভিন্ন। সেখানে বাংলাদেশের উপহাইকমিশনার নুর-ই-হেলাল সাইফুর রহমান গত মঙ্গলবার করাচিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শাখা দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মধ্যাহ্নভোজ করেছেন। গত মাসে করাচিতে বাংলাদেশ উপহাইকমিশনের কূটনীতিক ও কর্মীদের ওপর গোয়েন্দা নজরদারি থাকলেও এখন তা নেই।
ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন গতকাল খুদে বার্তায় প্রথম আলোকে জানান, গত সোমবার হাইকমিশনের কর্মী জাহাঙ্গীর হোসেনকে সাদাপোশাকের নিরাপত্তা বাহিনীর সদস্যদের আটকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কূটনীতিক ও কর্মীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর হিসেবে যোগ দিচ্ছেন জার্মানির বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. নাজমুল হুদা। তিনি আগামী সপ্তাহে ইসলামাবাদে যাচ্ছেন। তাঁর যোগ দেওয়ার পর হাইকমিশনার সোহরাব হোসেন দেশে ফিরে আসবেন। তাঁর উত্তরসূরি তারিক হাসানের নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে পাকিস্তান।
ইসলামাবাদে কর্মরত কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার পাশাপাশি দৈনন্দিন কাজের ক্ষেত্রে সহযোগিতা চাইলে পাকিস্তানের দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অযাচিত মন্তব্যের প্রতিবাদে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়। এর আগে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্তদের শাস্তি কার্যকরের পর বিবৃতি দেয়নি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ২২ নভেম্বর বিচার নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের দেওয়া বিবৃতি প্রশ্নের জন্ম দিয়েছে।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওই বিবৃতির প্রতিবাদ জানিয়ে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ প্রতিবাদ জানায়। এর পাল্টা হিসেবে ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাল্টা তলব করে পাকিস্তান। আবার জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ ওঠায় ঢাকা থেকে পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ফারিনা আরশাদকে বাংলাদেশ প্রত্যাহার করে নিতে বলে। ওই ঘটনার শোধ নিতে কোনো কারণ ছাড়াই গত ৫ জানুয়ারি পাকিস্তান ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমানকে প্রত্যাহার করে নিতে বলে।
সর্বশেষ গত সোমবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস শাখার সহকারী ব্যক্তিগত সচিব আবরার আহমেদ খানকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করে গোয়েন্দারা। সন্ধ্যায় তাঁকে ছেড়েও দেওয়া হয়। এরই মধ্যে ইসলামাবাদে সাদাপোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশ হাইকমিশনের প্রেস কাউন্সেলরের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেনকে আটক করেন। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।