নাগরিক ঐক্যের আলোচনা সভা
'বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তা মোগল সম্রাট বা জারদেরও ছিল না'
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান দেশের বর্তমান সরকারব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে, মোগল সম্রাট কিংবা রাশিয়ার জারদেরও এত ক্ষমতা ছিল না।’ গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্যের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আকবর আলি খান এ কথা বলেন। সভার ব্যানারে লেখা ছিল, ‘দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়, তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার এখনই সময়’।
আকবর আলি খান বলেন, দেশের আজ সবচেয়ে বড় সমস্যা হলো, গণতন্ত্রের প্রতি নানা দিক থেকে চ্যালেঞ্জ আসছে। এই চ্যালেঞ্জের কারণে দেশের গণতন্ত্র ক্রমশ বিপন্ন হচ্ছে। সমস্যা শুধু দুই নেত্রী নন, দুই দলও একই অবস্থায় রয়েছে। সমস্যা ব্যক্তির নয়, সমস্যা হলো ব্যবস্থার। সাবেক এই আমলা বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা করেছি, যেখানে সব ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে কুক্ষিগত হয়ে যাচ্ছে। স্থানীয় সরকার নামে আছে, কাজে কিছু নেই। কেন্দ্রীয় সরকারের ক্ষমতাও একটি অফিসে, একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। এই ব্যবস্থায় আমরা যাঁকেই পাঠাই, তিনিই এটাকে আরও শক্তিশালী করেন। যিনিই লঙ্কায় যাচ্ছেন, তিনিই রাবণ হচ্ছেন। আমরা এমন কোনো তৃতীয় শক্তি চাই না, যাঁরা লঙ্কায় গেলে রাবণ হয়ে যাবেন।’ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আজ দেশের মধ্যে এমন এক পরিস্থিতি বিরাজ করছে, যেখানে সত্য কথা বলতে মানুষ চরম অস্বস্তি বোধ করছে বিপদ হওয়ার আশঙ্কায়। অর্থনীতি, রাজনীতি, নীতি-নৈতিকতা—সব ক্ষেত্রে অবক্ষয়।
আওয়ামী লীগকে আপদ ও বিএনপিকে বিপদ হিসেবে অভিহিত করে সেলিম বলেন, এই আপদ ও বিপদ থেকে রক্ষার জন্য দেশপ্রেমিকদের নিয়ে বিকল্প গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রাজনীতিতে দুর্বৃত্তায়নের চিত্র তুলে ধরে বলেন, সারা দেশের মানুষের প্রত্যাশা এই দুর্বৃত্তায়িত রাজনীতির বাইরে নতুন একটি রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক। দুটি দল বা জোট আর নয়। শুধু দুই নেত্রীর ওপর নির্ভরতা নয়। তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার এখনই প্রকৃষ্ট সময়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন প্রমুখ।