'বাংলাদেশের বাতিঘর' আনিসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশের সংবিধানের বাংলা খসড়া রচনায় ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তিনি আনিসুজ্জামান, এ দেশে যাঁর বুদ্ধিবৃত্তিক অবদান অসামান্য।

আজ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান আশি পূর্ণ করলেন। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরে প্রদর্শিত হলো তাঁর জীবন ও কর্ম নিয়ে তথ্যচিত্র বাতিঘর। সেটি দেখানোর আগে জাদুঘরের প্রধান মিলনায়তনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তারা স্মরণ করেন তাঁকে ঘিরে নানা স্মৃতি। শারীরিক অসুস্থতার কারণে আনিসুজ্জামান অনুষ্ঠানে আসতে পারেননি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাতিঘর-এর পরিচালক মাসুদ করিম। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘তথ্যচিত্রের নামকরণ যথার্থ হয়েছে। আনিসুজ্জামান সত্যিকার অর্থেই বাংলাদেশের বাতিঘর।’ বক্তব্য দেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার ও আনিসুজ্জামানের সহধর্মিণী সিদ্দিকা জামান। সভাপতি ছিলেন সাবেক সচিব মোহাম্মদ আবদুল মজিদ।

এরপর শুরু হয় বাতিঘর প্রদর্শনী। ভারতের কলকাতার যে গলিতে আনিসুজ্জামান জন্মেছিলেন, বেড়ে উঠেছিলেন, প্রথমে সেসব জায়গায় দর্শকদের নিয়ে যান নির্মাতা। তথ্যচিত্রে আনিসুজ্জামানকে নিয়ে কথা বলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, সৈয়দ মনজুরুল ইসলাম, সেলিনা হোসেন, সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। কথা বলেন পরিবারের সদস্যরাও। অভিনেতা ও আবৃত্তিশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনা যায় আনিসুজ্জামানের ‘তারা’ কবিতাটির আবৃত্তি।

তথ্যচিত্র থেকে জানা গেল, শিক্ষা ও গবেষণায় আনিসুজ্জামান কী অবদান রেখেছেন। জাতির গুরুত্বপূর্ণ সময়গুলোতে তিনি তাঁর দায়িত্ব পালনে পিছপা হননি। ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একটি পুস্তিকা বের করেছিল। রাষ্ট্রভাষা আন্দোলন: কী ও কেন পুস্তিকাটি লিখেছিলেন আনিসুজ্জামান। তাঁর এ লেখাটি বুদ্ধিবৃত্তিকভাবে ভাষা আন্দোলনের যৌক্তিকতা সিদ্ধ করেছিল।

১৯৬১ সালে বিরূপ পরিস্থিতিতে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ পালনে আনিসুজ্জামান রেখেছিলেন সক্রিয় ভূমিকা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ভারতের বিভিন্ন শহরে গিয়ে মুক্তিযুদ্ধের যৌক্তিকতা তুলে ধরেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও দেখা করেছিলেন। এ ছাড়া আনিসুজ্জামান প্রবাসী বাংলাদেশ সরকারের কাজে সহায়তা করেছিলেন। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু তাঁকে শিক্ষাসচিব করতে চেয়েছিলেন। কিন্তু শিক্ষকতা ও গবেষণার কাজকে গুরুত্ব দিয়ে তিনি তা গ্রহণ করেননি।