'বাংলাদেশের শ্রমিকেরা অন্যদের তুলনায় বেশি সৎ'
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেছেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশের শ্রমিকেরা অনেক বেশি অনুগত ও সৎ। তাই বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে চায় মালয়েশিয়া।
পার্লামেন্টে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন জাহিদ হামিদি। তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। খবর দ্য মালায়মেইল অনলাইনের।
উপপ্রধানমন্ত্রী জাহিদ বলেন, ‘আমরা বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করি। কেননা অন্য দেশগুলোর শ্রমিকদের চেয়ে তারা অনেক অনুগত।’
এমপি মারিয়া মাহমুদের এক প্রশ্নের জবাবে উপপ্রধানমন্ত্রী বলেন, ‘হিসাবপত্র রাখার বিষয়ে বাংলাদেশি শ্রমিকেরা অনেক বেশি বিশ্বাসী।’
এমপি মারিয়া বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে উপপ্রধানমন্ত্রী বলেন, ‘দেশেই বাংলাদেশি শ্রমিকেরা প্রশিক্ষণ পায়। এ দেশে এসে কীভাবে এখানকার মানুষের সঙ্গে কাজ করবে, সেটিও তারা শিখে আসে।’
তবে বাংলাদেশের শ্রমিকদের নেওয়ার বিষয়ে চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি বলেও উল্লেখ করেন উপপ্রধানমন্ত্রী।