'বাংলাদেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম'
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। চট্টগ্রাম এগিয়ে যাওয়া মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া। চট্টগ্রাম হলো বাংলাদেশের হৃৎপিণ্ড।
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সুচিন্তা বাংলাদেশ নামের একটি সংগঠন এই সেমিনারের আয়োজক।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। মুখ্য আলোচক হিসেবে ছিলেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত। সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের চেয়ারপারসন এস এম আবু তৈয়ব ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর তারেক সোলেমান।
সেমিনারে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, অর্থনৈতিকভাবে যে সক্ষমতা বাংলাদেশে তৈরি হয়েছে, তা চট্টগ্রাম বন্দরেরই অবদান। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে।
সেমিনারে মুখ্য আলোচক মোহাম্মদ এ আরাফাত বলেন, চট্টগ্রামকে নিউইয়র্ক, সিঙ্গাপুরের মতো উন্নত করা সম্ভব। এর জন্য প্রয়োজন আন্তরিকতা এবং সঠিক পরিকল্পনা।