‘বাংলামতি’ চাষে সাফল্য কৃষকদের মধ্যে আগ্রহ
চাঁপাইনবাবগঞ্জে এই প্রথমবারের মতো বোরো মৌসুমে উচ্চফলনশীল সুগন্ধি চিকন ধান ‘বাংলামতি’ (ব্রি ধান-৫০) পরীক্ষামূলকভাবে চাষ করে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। এ কারণে এই ধান চাষের ব্যাপারে স্থানীয় চাষিদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের শস্য উৎপাদন বিশেষজ্ঞ এ বি এম মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বোরো মৌসুমের উচ্চফলনশীল সুগন্ধি চিকন ধান বাংলামতি তিন বছর আগে উদ্ভাবন করলেও এবারই প্রথম চাঁপাইনবাবগঞ্জের ২০টি স্থানের ২০ একর জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়। বিঘাপ্রতি ২২ থেকে ২৫ মণ ফলন হওয়ায় এ ধান চাষে চাষিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, বাংলামতি ভারত ও পাকিস্তানের বাসমতি ধানের সমতুল্য। বাসমতি চাল রপ্তানি করে ভারত ও পকিস্তান প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে।মোস্তাফিজুর রহমান জানান, চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাংলামতির চাষ করা হয়েছে। এ জন্য পরীক্ষামূলকভাবে চাষ করে উৎপাদিত ধানের অধিকাংশ বীজ হিসেবে সংরক্ষণ এবং আগামী মৌসুমে এ ধান চাষের জন্য আগ্রহী চাষিদের মধ্যে তা বিতরণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গত বুধবার বিকেলে বাংলামতি ধানের ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়। এর আগে এলাকার চাষিদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের পাশে অবস্থিত প্রদর্শনী প্লট থেকে ধান কেটে মাড়াই করার পর সবার সামনে ওজন দেওয়া হয়। আর্দ্রতা পরিমাপক যন্ত্র ব্যবহার করে দেখা যায় শুকনো অবস্থায় বিঘাপ্রতি ফলন হয়েছে ২১ মণ। বাংলামতি ধানের আবাদকারী চাষি আবদুল মান্নান বলেন, কয়েক দিন আগে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হওয়ায় অনেক ধান ঝরে গেছে, নইলে আরও বেশি ফলন হতো। তবে এ ফলনেই তিনি উৎসাহিত বোধ করছেন।সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রামের নূরুল ইসলাম জানান, তিনি তিন বিঘা জমিতে বাংলামতি ধানের আবাদ করেছিলেন। ফলন হয়েছে বিঘাপ্রতি ২৫ মণ। তাঁর প্রায় সব ধানই বীজ হিসেবে বিক্রি হয়ে গেছে।