‘আমরা বাচমু কিলা। বাইচ্চাইন লইয়া কার দরজাত যাইতাম। কে আমরারে ঠাঁই দিব।’ চোলাই মদপানের পর মারা যাওয়া শাহনুর মিয়ার স্ত্রী হেনা বেগম আহাজারি করতে করতে এ কথা বলেন।হেনার মতো সিলেটের বালাগঞ্জের আরও নয়টি পরিবারে এখন মাতম চলছে। মাদকের ছোবলে তছনছ হয়ে গেছে তাঁদের সংসার। পরিবারের উপার্জনক্ষম মানুষটি হারিয়ে দিশেহারা স্বজনেরা।শাহনুর মিয়া পেশায় ছিলেন ঘটক। তাঁর সামান্য রোজগারে চলত পাঁচ সদস্যের সংসার। তাঁকে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন তাঁর স্ত্রী হেনা।গতকাল রোববার সকালে শাহনুর মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তিন শিশুসন্তানকে বুকে নিয়ে বিছানায় বসে বিলাপ করছেন হেনা। শুক্রবারের পর তাঁর চুলায় আর আগুন জ্বলেনি। পাড়া-প্রতিবেশীর দেওয়া খাবারেই চলছে কোনো রকমে। মৃত চিত্তরঞ্জন দাসের সন্তানদের কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না অনেকেই। ছয় ছেলেমেয়ের আহজারিতে বাতাস ভারী হওয় উঠলেও দেড় বছর বয়সী শ্রাবণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কোমল পানীয় বলে স্বামী চিত্তরঞ্জনের দেওয়া মদ পান করে বীণা রানী দাশ হাসপাতালে শয্যাশায়ী। মায়ের বুকের দুধ পান করে অসুস্থ হয়ে পড়ে শিশু শ্রাবণ। গতকাল বিকেল নাগাদ সে অনেকটাই সুস্থ। চিত্তরঞ্জনের বোন জয়ন্তী রানী দাশ বলেন, ‘হে (চিত্ত) ছাড়া ই পরিবারো রোজগারি অন্য কেউ নাই। ভগবানে জানইন, বাইচ্চা অকলর কিতা অইব।’মৃত সবজি বিক্রেতা গয়াস মিয়ার তিন সন্তানকে জড়িয়ে ধরে বসে ছিলেন তাঁর বাবা ইয়াছিন উল্লা। আর মাঝেমধ্যে ডুকরে কেঁদে উঠছিলেন। অবুঝ শিশুরা বাবাকে হারানোর কথা বুঝতে না পারলেও দাদার সঙ্গে তারাও চোখের জল ফেলছিল। গয়াসের স্ত্রী গতকাল বিকেল পর্যন্ত ছিলেন সংজ্ঞাহীন। ইয়াছিন উল্লা বলেন, ‘যখন যেটা পাইত তখন অটা করিয়া সংসার চালাইত। অখন চলার কোনো পথ নাই।’মৃত জন্টু দেবের স্ত্রী সুমতি রানী দেব শোকে অনেকটা পাথর হয়ে গেছেন। মুখ থেকে কোনো কথা না বেরোলেও তাঁর চোখের পানি থামছে না।গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মালিক বলেন, সংঘবদ্ধভাবে কয়েকটি দল মাদক ব্যবসা করে। কিন্তু তাদের আটক করে না প্রশাসন। স্বজন হারানো এসব পরিবারের এখন কী হবে। প্রশাসন কি তার দায়ভার নেবে?সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মিলু মিয়া বিশ্বাস বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের তত্পরতা অব্যাহত আছে। পুলিশের গাফিলতি থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, বালাগঞ্জের গোয়ালাবাজার এলাকায় বিষাক্ত চোলাই মদ পান করে গত শুক্রবার দুপুর থেকে শনিবার রাত পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়। অসুস্থ হয় আরও ২০ জন।