‘ভোরে ফোন দিয়া তাইন আমারে কইছইন কোম্পানিত আগুন লাগছে। তাইনর লাগি দোয়া করার কথা কইছইন। এরপর থাকি তাইনের লগে আর কুনু কথা হয় নাই।...বাইচ্চারা আর বাপের মুখ দেখত পারত নায়।’ কান্নাভেজা কণ্ঠে কথাগুলো বলে বিলাপ করছিলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল গ্রামের গৃহিণী নাজমা বেগম (৪৫)।
নাজমা বেগম গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে গতকাল শনিবার বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত সাইদুর রহমানের (৫৫) স্ত্রী। ঈদের ছুটিতে আজ রোববারই সাইদুরের বাড়ি ফেরার কথা ছিল। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলে হিফজুর রহমান স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে প্রথম আলোকে বলে, ‘আমরার সব শেষ অই গেল!’
সুন্দিশাইল গ্রামের চারজনসহ গোলাপগঞ্জ উপজেলার আটজন ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।
ভস্মীভূত কারখানাটির মালিক সিলেট-৬ আসনের সাবেক সাংসদ সৈয়দ মকবুল হোসেনের বাড়িও সুন্দিশাইল গ্রামে। এর মধ্যে সাইদুর রহমানসহ পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য চারজন হলেন সুন্দিশাইল গ্রামের তমছির আলীর ছেলে ওয়ালি আহমদ (৩৫), মজর আলীর ছেলে হাসান সিদ্দিকী (৫০), সুনা মিয়ার ছেলে এনামুল হক (৩৮) ও ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল ভাড়েরা গ্রামের আবদুল করিমের ছেলে রেদওয়ান আহমদ (৩৫)।
কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনের চাচাতো ভাই সুন্দিশাইল গ্রামের বাসিন্দা এম ওয়াদুদ ইমরুল বলেন, মালিকের বাড়ি সিলেটে হওয়ায় জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের অনেক মানুষকে সেখানে কাজ দেওয়া হয়। গতকাল অগ্নিকাণ্ডের সময় দগ্ধ হওয়া ব্যক্তিদের অধিকাংশই সিলেটি।
গোলাপগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌরিন করিম আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের পরিচয় বের করার চেষ্টা চলছে।