কদিন আগেও কুদ্দুছ মিয়ার ঘরের ভেতরে পানি ছিল। সেই পানি নেমে গেলেও ঘরের মেঝেতে এখনো থকথকে কাদা। উঠানে হাঁটুপানি। ঘরের ভিটা ছাড়া বাড়ির মধ্যে কোনো শুকনো জায়গা নেই। নৌকা ছাড়া কোথাও যাওয়া যায় না। কিন্তু নৌকাও যে নেই মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওর পারের এই বাসিন্দার।
কুদ্দুছ মিয়ার বাড়ি স্থানীয় পাঁচগাঁও ইউনিয়নের কেওলা গ্রামে। প্রায় দেড় মাস ধরে তাঁর বাড়িটি পানিতে ডুবে ছিল। পানি কিছুটা কমায় কদিন আগে পরিবার নিয়ে বাড়িতে উঠতে পারলেও চরম বিপদে আছেন কুদ্দুছ মিয়া। বললেন, ‘মেম্বার-চেয়ারম্যান কেউ আইয়া একটা দিন দেখছইন না। সরকারি-বেসরকারি কোনো সাইয্য আমরা পাইছি না। ঘর থাকি বাইর অইতাম পারি না। নৌকাও নাই। কোনোদিকে গেলে হাতরাইয়া (সাঁতরে) যাওয়া লাগে।’
পরিবারটির অবস্থা একটা সময় ভালোই ছিল। কিন্তু কুদ্দুছ মিয়া অসুস্থ হয়ে পড়লে বিপাকে পড়ে। তাঁর চিকিৎসা করাতে অনেক টাকা গেছে। এখন অসচ্ছলতা এতটাই যে নিজেদের একটা নলকূপও নেই। কোমরপানি ভেঙে অন্যের বাড়ি থেকে খাওয়ার পানি আনেন স্ত্রী হ্যাপি বেগম।
এই দম্পতির দুই মেয়ে। একজন অষ্টম শ্রেণি এবং অপরজন দশম শ্রেণিতে পড়ে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে স্কুল খুলেছে। কিন্তু নৌকা না থাকায় তাদের স্কুলে যাওয়া বন্ধ। অষ্টম শ্রেণিপড়ুয়া শেখ নূরজাহান আক্তার বলে, সামনেই তার জেএসসি পরীক্ষা। অথচ এখন স্কুলে যেতে পারছে না। পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে কীভাবে?
কেওলা গ্রামের প্রায় প্রতিটি পরিবারই এখন এভাবে পানিবন্দী হয়ে আছে। পাশের বাড়িটিতে যেতে হলেও নৌকা ছাড়া বিকল্প নেই। নৌকা না থাকলে সাঁতরে চলাফেরা করতে হচ্ছে। গ্রামের প্রায় সব রাস্তাঘাটে এখন কোমরপানি। রাস্তার ওপর দিয়ে স্বচ্ছন্দে নৌকা চলছে।
নৌকা ঠেলে সামনে এগোতেই পানিবন্দী আরেকটি বাড়ি। এ বাড়ির উঠানে ঢুকে পড়ল নৌকা। সেখানে ঊরুসম পানি। বাড়ির ভিটেটা কোনো রকম পানির ওপর মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাড়ির মালিক নানু মিয়া ঘরের ভেজা মাটির বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, ‘খুব বিপদের মধ্যে আছি। পানি বাড়ায় বাড়ির সবাইরে বাইরে পাঠাই দিছি। আমি একলা বাড়িত থাকরাম। আমি অভাবী মানুষ। সরকারি কুনতা (কোনো কিছু) পাইছি না। নৌকা নাই। বাড়ির কাছ দিয়া নৌকা লইয়া কেউ গেলে ডাক দিই। নিলে নৌকায় বাইরে যাই।’
নানু মিয়ার বাড়ির কাছেই কেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেটিও প্রায় দেড় মাস পানিতে তলিয়ে আছে। একই অবস্থা স্থানীয় পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর, ধুলিজুরাসহ আশপাশের বন্যাকবলিত সব গ্রামের। রাস্তার ওপর দিয়ে যখন নৌকা চলছিল, তখন দুপাশের বাড়িগুলোকে মনে হচ্ছিল একেকটি বিচ্ছিন্ন দ্বীপ। সারমপুর গ্রামের আবদুল করিম বলেন, ‘আমাদের নৌকার তেমন দরকার পড়ে না। এখন নৌকা ছাড়া উপায় নাই।’
কেওলা গ্রামের একটি বাড়ির সামনে দেখা গেল অনেকগুলো নৌকার জটলা। ওই বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ হচ্ছিল। ত্রাণ নিতে নৌকা নিয়ে এসেছেন অভাবী মানুষ। যাঁদের নৌকা নেই, তাঁরা অন্যের নৌকায় দল বেঁধে এসেছেন। আবার দল বেঁধে ফিরে গেছেন।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও কেওলা গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, পাঁচগাঁও ইউনিয়নের কেবল কেওলা ও ধুলিজুরা গ্রামেই অন্তত ৫০০ বাড়ি এখনো পানিবন্দী। এসব বাড়ির মধ্যে হয়তো ১৫০ জনের নৌকা আছে। বাকি পরিবারগুলোর লোকজন ঘর থেকে বের হতেই পারছে না।
কেওলা গ্রাম থেকে ফেরার পথে এক নারীকে প্রায় কোমরপানি ভেঙে কলস কাঁখে চলতে দেখা গেল। নাম তাঁর শেফালি বেগম (৩০)। অভাবী এ গৃহবধূর বাড়িতে যেমন নলকূপ নেই, তেমনি নৌকাও নেই। অপরের বাড়ি থেকে খাবার পানি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।
পাঁচগাঁও ইউপির চেয়ারম্যান শামসুননূর আহমদ আজাদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, পানি কিছুটা কমলেও তা উল্লেখ করার মতো নয়। ফলে নৌকাই মানুষের একমাত্র ভরসা। ত্রাণ বিতরণের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সরকারিভাবে দুইবার চাল পেয়েছি। ১০ কেজি করে তখন দিয়েছি।’ অনেকেই এখন পর্যন্ত ত্রাণ পায়নি বলে স্বীকার করেন তিনি।