‘হরতালে গাড়ি নিয়ে বের হয়েছেন? ভয় লাগে না?’
‘ভয় তো আছেই। ককটেলের আতঙ্ক নিয়াই গাড়ি নিয়ে বের হয়েছি। হরতাল যারা দিছে, তারা তো আর আমার বউ-পোলাপাইনরে খাওয়াইব না।’
সিএনজিচালিত অটোরিকশার চালক দুলালের বেশ নির্লিপ্ত উত্তর। পর পর তিন সপ্তাহের হরতালে বিরক্ত তিনি। মালিবাগ বাজারে কথা হয় তাঁর সঙ্গে। মালিকের জমা ৬৫০ টাকা, গ্যাস ও অন্যান্য খরচ নিয়ে দিনে কমপক্ষে এক হাজার ২০০ টাকা আয় না করলে দুলালের সংসার চলে না। গতকাল রোববার সকালে টিভিতে হরতালে কোনো কোনো জায়গায় গাড়ি ভাঙচুর বা আগুন লাগানো হয়েছে, তা জেনে দুপুরে ১২টার পর গাড়ি নিয়ে বের হয়েছেন।
দুপুর সাড়ে ১২টায় গুলশান ডিসিসি মার্কেটের কোণে চায়ের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন ভ্যানচালক আবু তাহের। নিজের ভ্যান বলে ‘মালিকের জমা’ দেওয়ার তাগিদ নেই। কিন্তু প্রতিদিনের খরচ তখনো তুলতে পারেননি। ‘হরতালের দিনে একটু বেশিই মারতে পারি’, জানালেন তিনি। কিন্তু আছে ককটেলে আহত হওয়ার ভয়। তার পরও বেরোতে হবে, কারণ ‘বাইর না হইলে ঘরের খরচ চালামু কেমনে?’
গতকাল রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, মানুষজন একই সঙ্গে আতঙ্কিত ও বিরক্ত। খুব তাড়াহুড়া করে কাজ শেষে বাড়ি ফিরতে চাইছেন সবাই। প্রতিদিনের মতো রাস্তায় বাস নেই। তবে রিকশা ও অটোরিকশার সংখ্যা প্রচুর। লেগুনাও চলছে। বিভিন্ন জায়গায় স্থায়ী দোকানপাট বা বিপণিবিতান আংশিক বন্ধ অবস্থায় খোলা। কাকরাইলে গাড়ির শোরুম, মোটর পার্টসের দোকান, বেইলি রোডে বইয়ের দোকান, ব্র্যান্ডের পোশাকের দোকান ও মগবাজারে বড় দোকানগুলো বন্ধ ছিল।
বেলা আড়াইটায় শান্তিনগর মোড়ে আংশিক খোলা হক বেকারির কর্মচারী স্বপন জানান, বিপদ-আপদ হলে ঝটপট দোকান বন্ধের প্রস্তুতি হিসেবে একটা শাটার খোলা রাখা হয়েছে। টানা হরতালের কারণে বেচা-বিক্রি কম বলে মালিক অনেকটা জোর করেই দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বেলা সাড়ে তিনটায় প্রেসক্লাবের সামনে অস্থায়ী চা বিক্রেতা শিমুল বলেন, ‘প্রেসক্লাবের সামনে অঘটন ঘটতে পারে, এইটা জাইনাই দোকান খুলছি। এ ছাড়া অন্য কোনো আয় নাই।’
হরতালের বদলে নেতাদের ‘গণ-অনশনের’ পরামর্শ দিলেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত শাহীনুর আহমেদ। ‘হরতাল না করে বিরোধী দল গণ-অনশন করুক। জনগণকে কষ্ট না দিয়ে নিজেরাই কষ্ট করে জনগণের ভালোবাসা অর্জনের চেষ্টায় বাধা কোথায়?’ হরতালে দৈনিক বাংলার মোড়ে বোন শারমিনকে দুপুরেই কর্মস্থল থেকে বাসায় নিয়ে যেতে এসেছেন তিনি।
পরীবাগ মোড়ে অটোরিকশা খুঁজছিলেন সামিয়া নুরিন। তিনি বলেন, ‘আগে হরতাল দেওয়া হতো পাবলিক পরীক্ষা এড়িয়ে। ঘুমিয়ে থাকা মানুষকে পুড়িয়ে মারা হতো না। এখন হরতালের নামে এসব কর্মকাণ্ডকে ‘হর-তাল’ না বলে ‘ভয়-তাল’ বলাই ভালো।’
তবে মতিঝিলপাড়ায় খুচরা সবজি ও ফলের বাজারে ভিড় ছিল দেখার মতো। লালশাক বিক্রেতা সুরুজ মিয়ার সব শাক চারটার মধ্যেই বিক্রি হয়ে যায়। অফিস থেকে নেমে বাজার নিয়ে রিকশা খুঁজছিলেন ব্যাংক কর্মকর্তা শাহীন আরা মমতাজ। তিনি বলেন, ‘হরতালে বাসে না চড়ে রিকশায় করে যাওয়াই ভালো। কারণ, হঠাৎ করে অঘটন ঘটলে বাস থেকে নামা মুশকিল হয়।’