'বাইরের সম্পদ দেশে আনাই লক্ষ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমলাংশু রঞ্জন দে
বিমলাংশু রঞ্জন দে

দেশের জন্য কিছু করতে চাইলেই করা যায় না। সামর্থ্য ও যোগ্যতা থাকা চাই। বিমলাংশু রঞ্জন দে সামর্থ্য ও যোগ্যতা অর্জন করেছেন। এখন তিনি দেশের জন্য কাজ করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র গড়ে তুলতে তিনি নিজের অবস্থান, প্রতিষ্ঠান ও সহকর্মীদের কাজে লাগিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বোস্টন অঙ্গরাজ্যের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (এমজিএইচ) মেডিসিন বিভাগের অস্থিমজ্জা প্রতিস্থাপন কর্মসূচির বিশেষজ্ঞ চিকিৎসক বিমলাংশু দে। জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ছাতকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে ঢাকায় এসেছেন বিমলাংশু। ঢাকার একটি হোটেলে ১৯ অক্টোবর দুপুরে কথা হয় এই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘হাসপাতালে আমি রোগীর চিকিৎসা দিই। আমি এ বিষয়ে গবেষণাও করি।’ অস্থিমজ্জা প্রতিস্থাপনে আবিষ্কৃত ওষুধ ও প্রযুক্তির সর্বোচ্চ সুফল রোগীদের দেওয়া এবং এসব বিষয়ে সম্ভাব্য জটিলতা নিম্নতম পর্যায়ে নিয়ে আসাই তাঁর পরীক্ষা-নিরীক্ষার বিষয়।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে নিজের অবস্থান সুদৃঢ় হওয়ার পর ২০০৬ সাল থেকে দেশের জন্য কিছু একটা করার চিন্তা করতে থাকেন তিনি। ‘বাইরের সম্পদ দেশে আনতে হবে’—এটাই ছিল মূল ভাবনা।
চট্টগ্রামের ব্যবসায়ী এ কে খানের সঙ্গে নিজের ভাবনার মিল হওয়ায় ২০১০ সালে গড়ে তোলেন এ কে খান হেলথ কেয়ার ট্রাস্ট। ২০১১ সালে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক তাঁকে দেশে একটি অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র গড়ে তুলতে সহায়তা করার কথা বলেন। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও এমজিএইচের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়।
বিমলাংশু দে বললেন, ঢাকা মেডিকেলে অস্থিমজ্জা প্রতিস্থাপনে কারিগরি সহায়তা দেওয়া মূল কাজ। ঢাকা মেডিকেলের চিকিৎসক, নার্স ও যন্ত্রকারিগরদের যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে অস্থিমজ্জা প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবংএটা অব্যাহত থাকবে। এ ছাড়া প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে ক্যানসার চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে।
গত দেড়-দুই বছরে বাংলাদেশের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স ও যন্ত্রকারিগর এমজিএইচে উচ্চতর প্রশিক্ষণের জন্য গেছেন। জানতে চাইলে তাঁদের একজন অধ্যাপক অনুপ কুমার সাহা প্রথম আলোকে বলেন, অনেকটা বিমলাংশু দের গ্রহণযোগ্যতার কারণে এমজিএইচ কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের সঙ্গে এসব কাজ করতে রাজি হয়েছে।