'বাইসাইকেল মেয়েদের আত্মবিশ্বাস বাড়ায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েরা বাইসাইকেল চালিয়ে স্কুলে গেলে তাদের আত্মবিশ্বাস বাড়ে। তাদের বিচরণক্ষেত্র অনেক বড় হয়। জানাবোঝার পরিধিও বেড়ে যায়। এটাই নারীর ক্ষমতায়নের প্রথম ধাপ। এখন বাইসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার মধ্যে মেয়েদের লজ্জা বা ভয়ের কিছু নেই।

যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার অধিদপ্তর যশোরের উপপরিচালক কামরুল আরিফ এসব কথা বলেন। দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে আজ রোববার দুপুরে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার দেয়াড়া ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনছুর আলী, ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।

বাইসাইকেল পেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জবা খাতুন জানায়, স্কুল থেকে দুই কিলোমিটার দূরে অ্যাড়েন্দা গ্রামে তাদের বাড়ি। বাড়ি থেকে প্রতিদিন হেঁটে স্কুলে যাওয়া-আসা করতে হয়। রাস্তায় ভ্যান চলাচল করলেও প্রতিদিন ভাড়া দেওয়া দিনমজুর বাবার পক্ষে সম্ভব হয় না। যে কারণে বেশির ভাগ দিন হেঁটেই স্কুলে যাওয়া-আসা করতে হয়। এতে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা সময় নষ্ট হয়। এ বাইসাইকেল পেয়ে সেই কষ্ট দূর হলো।

আয়োজকেরা জানান, নারীশিক্ষা এগিয়ে নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজিএসপি প্রকল্পের টাকা থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ২০টি বাইসাইকেল কিনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেয়েদের মধ্যে বিতরণ করা হয়।