রংপুরের পীরগাছা, বগুড়ার গাবতলী ও দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের অধীনে এবং বন্ধুসভা সদস্যদের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক অফিসের পাঠানো খবর:রংপুর: পীরগাছা উপজেলার চওড়াবাড়ী, মাছুয়াপাড়া, হরতিকের তল, ইন্ডিয়াপাড়া ও বুড়ারধার এলাকার ২০০ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সকাল আটটায় কুয়াশার মধ্যে এসব এলাকায় গিয়ে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। নতুন কম্বল পেয়ে আবেগাপ্লুত চওড়াবাড়ী এলাকার বৃদ্ধ গোলাম মোস্তফা বলেন, ‘এ্যাত দিনে মুই একখান কম্বল পানু, বাকি শীতটা একনা আরামোত কাটপে।’ বলাকা রানী (৯০) বলেন, ‘জারোত হামার জান বাঁচে না বাবা, তোমারগুলার ভালো করুক।’ একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন নীরাবালা (৮৫), পার্বণী (৬০), ফুলবানু (৭০), শহিদুল্লাহসহ (৯০) অনেকেই। শীতবস্ত্র বিতরণের সময় রংপুর বন্ধুসভার বন্ধু শাহীন, মাইদুল, জুবায়ের, ইমরান, বাদল এবং রংপুরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক উপস্থিত ছিলেন।বগুড়া: গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে ১০০ কম্বল বিতরণ করা হয়। গতকাল সকালে তরণীহাট মুক্তিযোদ্ধা সংসদের সামনে কালাইহাটা, তরণীহাট, সোনামুয়া, মালিয়ানডাঙ্গা, কুটামহিন, বালিয়াদীঘি, দড়িপাড়া, কলাকোপা, তল্লাতলা ও দয়ারামপুরের দুস্থ মানুষের মধ্যে এসব শীতবস্ত্র দেওয়া হয়। কম্বল পেয়ে মালিয়ানডাঙ্গা গ্রামের বৃদ্ধা খুকী বেগম বলেন, ‘জারোত (শীত) এবার কী কষ্ট! মরে যাবার লাঘছি। পতম আলো থেকে তোমরা একটা কম্বল দিয়ে হামার কী উপকার করলিন, তা কবার পারমো না!’কম্বল বিতরণের সময় মুক্তিযোদ্ধা মহসিন আলী, শাহাদত আলম, শাহ নেওয়াজ আলী, মোসলেম উদ্দিন, বগুড়া বন্ধুসভার সভাপতি সেলিনা শিউলী, সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও বগুড়ায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মিলন রহমান উপস্থিত ছিলেন।দিনাজপুর: কাহারোল উপজেলার কাহারোল শিশুনিকেতন স্কুল প্রাঙ্গণে সকাল ১০টায় স্থানীয় শতাধিক দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পেটের দায়ে বৃদ্ধ বয়সেও অন্যের বাড়িতে কাজ করেন ভাদ্রী রানী। কম্বল পেয়ে আবেগাপু্লত ভাদ্রী বলেন, ‘মোক কাঁহো দেখিবার নাই। এই জাড়ত মুই যে কী কষ্ট করি বাঁচি আঁছু, তায় ভগবান জানে আর মুই জানো! মোর এলা মুশকিল আশান হইল।’কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন গোপেশচন্দ্র রায়, বিলকিস বানু, ইব্রাহীম খলিল, সফিকুল ইসলাম, সফিউল ইসলাম, শংকর কুমার রায়, দিনাজপুর বন্ধুসভার সভাপতি এখলাসুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, গোলাম রসুল প্রমুখ।