'বাগাড়ম্বরসর্বস্ব' বাজেটের প্রতিবাদে বাম মোর্চার বিক্ষোভ
প্রস্তাবিত বাজেটকে ‘জনস্বার্থবিরোধী ও বাগাড়ম্বরসর্বস্ব’ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। এর প্রতিবাদে ১০ জুন বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে সংগঠনটি।
আজ রোববার দুপুরে রাজধানীর তোপখানা সড়কে নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাজেট প্রত্যাখ্যান করে এ কর্মসূচির ঘোষণা দেন বাম মোর্চার সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী। এ সময় বাজেট প্রণয়নের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন ও ১৫৩ সাংসদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি উল্লেখ করে বাম মোর্চা জানায়, যে সংসদের দেশ পরিচালনার জন্য স্বীকৃত কোনো ম্যান্ডেট নেই, সে ধরনের একটি সংসদ ও সরকারের বাজেট প্রণয়নের অধিকার ও নৈতিক বৈধতা নেই।
প্রস্তাবিত বাজেটের নানা অসংগতি, অস্পষ্টতা ও বিভিন্ন শ্রেণিস্বার্থকে অবজ্ঞার কড়া সমালোচনা করেছে বাম মোর্চা। সামগ্রিক বাজেট পর্যালোচনা করে সংগঠনটির নেতাদের মনে হয়েছে, বস্তুত সামরিক-বেসামরিক আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের খুশি রেখে সরকার তার অনৈতিক ক্ষমতাকে নিরাপদ রাখতে চাইছে। আড়াই লাখ কোটি টাকার বাজেটের অর্থ জোগান দিতে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের ওপর নানাভাবে অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি পাবে বলে মনে করে সংগঠনটি।
প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন বাম মোর্চার নেতারা। তাঁরা বলেন, চার দশক ধরে সামরিক খাতের বাজেট সম্পর্কে দেশবাসীকে তেমন কিছু জানানো হয় না। প্রতিবছর অস্বচ্ছ ও জবাবদিহিবিহীন সামরিক খাতের বাজেট বৃদ্ধির যৌক্তিকতা কী? কীভাবে, কোন কোন খাতে এই বরাদ্দ ব্যয় হয়, তার কোনো ব্যাখ্যা জানা যায় না। কেন এই গোপনীয়তা, এরও কোনো জবাব নেই। নেতারা প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনার দাবি জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘যাঁরা বাজেটের সমালোচনা করছেন, তাঁরা না বোঝেন পলিটিকস, না বোঝেন ইকোনমিকস’।
এ বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে বাম মোর্চার নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘তাঁর এ বক্তব্য চূড়ান্তভাবে অগণতান্ত্রিক। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে।’ তিনি দাবি করেন, বাম মোর্চা বাজেটের বিষয়ে যে বক্তব্য দিয়েছে, তা যৌক্তিক ও তথ্যনির্ভর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাম মোর্চার নেতা জোনায়েদ সাকি, মোশরেফা মিশু, হামিদুল হক, আবদুস সাত্তার প্রমুখ।