'বাঘ আমাদের গর্ব-বাঘ সুরক্ষা করব'
‘বাঘ আমাদের গর্ব-বাঘ সুরক্ষা করব।’ এই স্লোগানকে সামনে রেখে সুন্দরবনের বেঙ্গল টাইগার রক্ষায় দুই বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বাঘ প্রকল্পের মাধ্যমে বন বিভাগের নেতৃত্বে এই কার্যক্রম শুরু হয়েছে। আর এটি বাস্তবায়ন করছে বন্যপ্রাণী বিষয়ক বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম। আজ এই জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাঘের আকৃতিতে গড়া বাস ‘টাইগার ক্যারাভ্যান’ এর উদ্বোধন করা হয়।
বাঘ, হরিণ ও কুমিরের ভাস্কর্য এবং বিশাল আকৃতির চিত্রকর্মের সাহায্যে ওই ক্যারাভ্যানের মধ্যে সুন্দরবনের ত্রিমাত্রিক আবহ ফুটিয়ে তোলা হয়েছে। আজ থেকে এটি সারা দেশের ১০০টি স্থানে ভ্রমণ করবে। ক্যারাভ্যান বাঘ সুরক্ষাবিষয়ক বিভিন্ন প্রদর্শনী, পথনাটক, সামাজিক যোগাযোগ মাধ্যম, জনপ্রিয় শিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং ক্রিকেটারদের অংশগ্রহণসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে।
এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘টাইগার টক’ নামে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। তাতে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, সর্বশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা গণনা করা হয়েছে ১০৬টি। এখন সুন্দরবনে কটি বাঘ আছে তা জানতে আগামী অক্টোবর থেকে আবারও বাঘ শুমারি শুরু হতে যাচ্ছে। আগের চেয়ে আরও বেশি জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করে ওই শুমারি করা হবে।
আলোচনায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, সরকার সুন্দরবনের ওপরে নির্ভরশীল ৩৫ লাখ মানুষের বিকল্প জীবিকায়নের উদ্যোগ নিয়েছে। সুন্দরবনের পাশের জনগোষ্ঠীকে যুক্ত করে বাঘ রক্ষার জন্য ওই প্রকল্পের মাধ্যমে কাজ করছে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেন, তরুণ সমাজ বাংলাদেশের উন্নতির গোপন রহস্য, প্রধান সম্পদ। এরাই বাঘ রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
ইউএসএইড বাংলাদেশ এর মিশন পরিচালক জেনিনা জেরুজেলস্কি বলেন, বাঘ সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার সবচেয়ে শীর্ষস্থানীয় প্রাণী। তাই বাঘ বাঁচালে সুন্দরবন রক্ষা করা যাবে। এ কারণে যুক্তরাষ্ট্র সরকার বাঘ রক্ষায় সহযোগিতা করছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াইল্ড টিম এর প্রধান নির্বাহী অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন বাঘ প্রকল্পের পরিচালক এবং বন বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা জহির আহমেদ।
আয়োজকেরা জানান, সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে শিশুদের জন্য বাঘ ও সুন্দরবন বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খ্যাতনামা শিল্পীদের চিত্রাঙ্কন ও প্রদর্শনী, লোকসংগীত এবং জলের গান ও লালন ব্যান্ড দলের পরিবেশনা থাকছে।
বাঘ রক্ষার ওই প্রচারাভিযানে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজী টিভি, বিডি নিউজ টুয়েন্টি ফোর, দ্য ডেইলি স্টার, এবিসি রেডিও এবং কিশোর আলো।