'বাঘ দেশের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড'
সুন্দরবনের বাঘ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড। এই বাঘ রক্ষার দায়িত্ব শুধু বন বিভাগের ওপর ছেড়ে দিলে হবে না। এ ব্যাপারে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
গতকাল শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাঘ রক্ষায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্র্যান্ডদের যুক্ত করার বিষয় নিয়ে এক কর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিরা এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক-বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় পরিচালিত বন্যপ্রাণী-বিষয়ক সংস্থা ওয়াইল্ড টিম, সরকারের বন বিভাগ ও বংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ কর্মশালার আয়োজন করে। অংশগ্রহণকারী ব্যক্তিরা বাঘ রক্ষায় সরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।
ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘বন বিভাগের সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ১০০টির মতো। এই কয়েকটি বাঘ রক্ষা করতে না পারলে আমরা দেশবাসী ও বিশ্ববাসীর কাছে কী জবাব দেব।’
ইউএসএআইডির বাঘ অ্যাক্টিভিটি প্রকল্পের ভারপ্রাপ্ত প্রধান ক্যাথি জে ওয়াচালা বলেন, যুক্তরাষ্ট্র সরকার প্রথমবারের মতো একটি দেশের একটি নির্দিষ্ট বন্যপ্রাণী রক্ষায় সহায়তা দিচ্ছে। বাঘ রক্ষার আন্তর্জাতিক গুরুত্ব অনুধাবন করেই যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে।
ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শরিফুল ইসলাম বলেন, কোকাকোলা ও লিভার ব্রাদার্সের মতো বিশ্বের বৃহৎ কোম্পানিগুলো বন্যপ্রাণী রক্ষায় ভূমিকা রাখছে।