'বাঘ বাঁচলে বাঁচবে বন, রক্ষা হবে সুন্দরবন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঘ বাঁচলে বাঁচবে বন, রক্ষা হবে সুন্দরবন’ স্লোগান সামনে রেখে গতকাল বুধবার মংলায় বিশ্ব বাঘ দিবস পালন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করে জেলা প্রশাসন ও বন বিভাগ।
সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বের হয়ে শোভাযাত্রাটি মংলা শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। বেলা ১১টায় উপজেলা মিলনায়তন চত্বরে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, চিলা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
বেলায়েত হোসেন বলেন, ২০১০ সাল থেকে সারা বিশ্বে বাঘ দিবস পালিত হচ্ছে। উনিশ শতকে সারা বিশ্বে লক্ষাধিক বাঘ ছিল। এখন মাত্র ৩ হাজার ২০০টি বাঘ আছে। বাংলাদেশের সুন্দরবন অংশে ২০০৪ সালের জরিপে ৪৩২টি বাঘের কথা বলা হলেও বর্তমান জরিপে মাত্র ১০৬টি বাঘের কথা বলা হয়েছে। বিপন্ন হওয়ার আগেই বন বিভাগের সঙ্গে তিনি সব শ্রেণির মানুষকে বাঘ বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার ক্ষেত্রে বন বিভাগ দায়িত্ব এড়াতে পারে না। বাঘ রক্ষায় তাদের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। সেই সঙ্গে চোরা শিকারিদের তৎপরতা বন্ধে কঠোর আইন করতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁদপাই স্টেশন কর্মকর্তা মতিউর রহমান। পরে সুন্দরবন ও প্রাণিকুল বিষয়ে নাটক, সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।