'বাঘাবাড়ির' ঘি তৈরি হচ্ছে চট্টগ্রামের বাসায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে চট্টগ্রামের পাঁচলাইশ থানার একটি বাসায় তৈরি হচ্ছিল পাবনার ঐতিহ্যবাহী ‘বাঘাবাড়ি ঘি’। গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাসা থেকে ঘি তৈরির যন্ত্র, কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, ছয় মাস আগে পাঁচলাইশ থানার মোহাম্মদপুরে মোবারক আলী সওদাগর ভবনের একটি বাসা ভাড়া নেন মুজিব ও জাহাঙ্গীর নামের দুই ব্যক্তি। এরপর ওই বাসায় রমজান মাসকে সামনে রেখে বাঘাবাড়ি নাম দিয়ে ঘি তৈরি করতে থাকেন তাঁরা।
পুলিশ জানায়, অভিযানে ৮৮১টি প্লাস্টিক ও টিনের কৌটাভর্তি ১৭৭ কেজি ঘি, ১ হাজার ২০০ লিটার তরল ঘি, বাঘাবাড়ি ঘি লেখা বিপুল পরিমাণ স্টিকার, ঘি তৈরির যন্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।
পাঁচলাইশ থানার সহকারী উপপরিদর্শক আবদুল মোমিন জানান, ঘি তৈরির সঙ্গে জড়িত মুজিব ও জাহাঙ্গীরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।