'বাঘ' হতে বাধা টেকসই জ্বালানি: মজীনা
জ্বালানি চাহিদা পূরণ বাংলাদেশের ‘অর্থনৈতিক বাঘ’ হওয়ার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অন্য উৎসগুলোর পাশাপাশি বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উন্নয়ন-সহযোগী দেশ ও সংস্থা এ ক্ষেত্রে সহযোগিতা দিতে প্রস্তুত।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে সবার জন্য টেকসই জ্বালানি নিয়ে ইনভেস্টরস ফোরামের ঢাকা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা এ কথা বলেছেন। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং যুক্তরাষ্ট্র সরকার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। বিশ্বের খ্যাতনামা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নিচ্ছে।
সম্মেলনে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও নেপালে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে জ্বালানি নিরাপত্তা বিষয়ে সহযোগিতার সম্পর্ক হতে পারে। এই দেশগুলো যৌথভাবে কাজ করলে এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তা ভূমিকা রাখবে।
এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিগুচি কাজুহিকো বাংলাদেশের জ্বালানি খাতে এডিবির সহায়তার চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে জ্বালানি নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, সব ধরনের উৎস থেকে জ্বালানি উৎপাদন করলে টেকসই উন্নয়ন সম্ভব হবে।
সাসটেইন্যাবল এনার্জি ফর অলের (সবার জন্য টেকসই জ্বালানি) প্রধান নির্বাহী কর্মকর্তা মহিন্দর গুলাটি বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে অনেক অগ্রগতি হয়েছে। বিশ্বজুড়ে যেসব নতুন প্রযুক্তি আসছে তা বাংলাদেশে ব্যবহারের ব্যাপারে গুরুত্ব দেন তিনি।
সরকারের সাসটেইন্যাবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস কুমার রায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারের উদ্যোগের তথ্য তুলে ধরেন।