'বাঙালি জাতি অস্তিত্বের শিকড় খুঁজে পেয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেছেন, বাঙালির ভাষা আন্দোলন পৃথিবীর সব মাতৃভাষাপ্রেমীর প্রাণের শিকড়। এই ভাষা আন্দোলন বাঙালির স্বাধীনতা অর্জনের নানা বাঁকে প্রেরণা জুগিয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্বালন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ভাষার মাস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুপম সেন বলেন, ভাষার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালি জাতি অস্তিত্বের শিকড় খুঁজে পেয়েছে। একুশে ফেব্রুয়ারি পৃথিবীতে সব মাতৃভাষাকে সম্মান ও মর্যাদায় অভিষিক্ত করেছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সহসভাপতি সুমন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ প্রমুখ। অনুষ্ঠানে শিশু-কিশোরেরাও অংশ নেয়। আলোচনার পর প্রদীপ প্রজ্বালন করা হয়।
আলোচনা সভায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেন, ‘বাঙালি মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। এ জন্যই আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে। মাতৃভাষা বাংলাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।’
ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বলেন, ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি রচিত হয়। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রামের কৃতী সন্তান ভাষাসৈনিক এমদাদুল ইসলামের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।