বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় সাড়ে তিন শ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দিনব্যাপী এই অলিম্পিয়াডে শিক্ষার্থীরা বিজ্ঞান-বিষয়ক বিভিন্ন পরীক্ষায় অংশ নেয়।
বিজ্ঞান একাডেমি ও দৈনিক সমকাল যৌথভাবে বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে। বিভাগীয় পর্যায়ে এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। চূড়ান্ত পর্বে মনোনয়ন পায় ৩৫০ জন। গতকাল চূড়ান্ত পর্বে কলেজ পর্যায় থেকে ২৭ জন এবং স্কুল পর্যায় থেকে ২৫ জনকে পুরস্কৃত করা হয়।
সকালে উদ্বোধনের পর বিজ্ঞান প্রতিযোগিতা শুরু হয়। দুপুরে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষকেরা। বিকেলে পুরস্কার বিতরণ করতে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, নতুন প্রজন্মের এভারেস্ট জয়ে প্রমাণ হয়েছে, চেষ্টা করলে বাঙালির কাছে অসাধ্য কিছু নেই। ‘৩০ লাখ শহীদের স্বপ্ন পূরণ করবে নতুন প্রজন্ম’ শীর্ষক এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, আজকের এই কিশোর-তরুণেরাই ৩০ লাখ শহীদের আত্মদানকে সার্থক করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আজকের এই কিশোর-তরুণদের বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন যদি বড় হয়, তবে অনেক বড় অর্জনও সম্ভব হবে।
বিজ্ঞান একাডেমির সভাপতি অধ্যাপক মেজবাহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়ক অধ্যাপক নঈম চৌধুরী।
অলিম্পিয়াডে কলেজ পর্যায়ে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের নাঈম সিদ্দিকী প্রথম, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ রায়হান দ্বিতীয় ও নটর ডেম কলেজের সোহাম ইরতিজা তৃতীয় হয়েছে। স্কুল পর্যায়ে সেন্ট যোসেফ হাইস্কুলের ইরতিজা ইরান প্রথম, দিনাজপুর জিলা স্কুলের আল আমরু ইবনে মারুফ দ্বিতীয় ও খুলনা জিলা স্কুলের সাদমান নাফিস তৃতীয় হয়েছে।