'বাচ্চাদের বেশি বেশি পড়তে দিতে হবে'
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মানবিক মানুষ তৈরি করতে হলে বাচ্চাদের বেশি বেশি করে বই পড়তে দিতে হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিনব্যাপী এ বইমেলা শুরু হয়।
জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার জোবায়দুর রহমান, সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এ এম রফিকুন্নবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আসাদুজ্জামান নূর অভিভাবকদের উদ্দেশে বলেন, বাচ্চাদের বেশি টেলিভিশন দেখতে দেবেন না। বেশী টেলিভিশন দেখলে বাচ্চাদের বুদ্ধির বিকাশ হয় না। আর বই বেশি পড়লে বুদ্ধির চর্চা হয়। তিনি আরও বলেন, বাচ্চাদের প্রচুর বই পড়তে দিন। তারা পৃথিবীকে জানবে, দেশকে জানবে আর সত্যিকারে মানুষ হবে।