মৌলভীবাজার শহরে রিকশা-ভ্যানে রসুন বিক্রি করেন আলী আহমদ। বাজেট সম্পর্কে ধারণা আছে কি না, জানতে চাইলে গত শুক্রবার তিনি বলেন, ‘বাজেট ঘোষণা অইলেই কিতা (হলেই কি), না অইলেই কিতা। আমরার মতো কর্মজীবীর চলিয়া খাওয়ার কোনো প্রসেস (উপায় অর্থে) নাই। বাজেট অইলে সবগুলা জিনিসের রেইট (দাম) বাড়ে। কোনো দিন বাজেট অইছে, আর জিনিসের দাম কমছে, এটা দেখি নাই। ’ বাজেট নিয়ে আলী আহমদের আর যা-ই হোক, একটা ধারণা আছে। অনেকের কোনো ধারণাই নেই। তবে যাঁরা যেভাবে বোঝেন, সেভাবেই বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানালেন। জানালেন বাজেট নিয়ে তাঁদের আশা-প্রত্যাশার কথা।মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ফুটপাতে রিকশা মেরামত করেন বাচ্চু মিয়া (৪৫)। বাজেট সম্পর্কে জানতে চাইলে কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে সময় নিয়ে মৃদু হেসে তিনি বলেন, ‘আমি মূর্খ মানুষ। কাম করি আর খাই। দুনিয়ার মাঝে কী ঘটছে-না ঘটছে, জানি না। বাজেট সম্পর্কে আমার কোনো ধারণাই নাই।’ মৌলভীবাজার শহরের ব্যবসায়ী জামাল মিয়া গতকাল শনিবার বলেন, ‘প্রতি বছর প্রত্যাশা করি, বাজেটের পর মানুষের মৌলিক সমস্যার সমাধান হবে, দারিদ্র্য নির্মূল হবে। কিন্তু তা হয় না। বাজেটে স্বপ্ন দেখার মতো কিছু পাই না।’ সদর উপজেলার রিকশাচালক প্রদীপ করের (২০) বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানালেন সংক্ষেপে। বললেন, ‘বাজেট বুঝি না। কিন্তু বাজেট দিলে দেখছি জিনিসের দাম বাড়ে।’ সাংস্কৃতিক কর্মী আবদুুল হাফিজ চৌধুরী বাজেট সম্পর্কে বলেন, ‘সাধারণ মানুষের পক্ষে কোনো বাজেট আসে না। বাজেটে শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়। কিন্তু হাসপাতালে যান, সেখানে ওষুধ নাই, চিকিৎসক নাই। পড়াশোনার খরচ কমছে না।’ মৌলভীবাজারের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আহমদুর রহমান সুনির্দিষ্ট করে বললেন আয়কর সীমা না বাড়ানোর বিষয়টি। ‘আয়কর সীমা এক লাখ ৮০ হাজার টাকাই রেখে দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করে এটা বাড়ানো উচিত। তা না করে উল্টো ন্যূনতম আয়কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।’ কলেজশিক্ষক সৈয়দ মুজিবুর রহমান বলেন, সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকাটা জরুরি। বেসরকারি পর্যায়ে শিক্ষার যে ব্যয়, তা-ও কমিয়ে আনা দরকার। বাজেটে এসব বিষয়ে মনে হয় কিছু উল্লেখ করা হয়নি।রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের কালা মিয়া (৫৫) মৌলভীবাজার শহরে বাজার করতে এসেছেন। তিনি বললেন, ‘আমরা কৃষক মানুষ। বাজেট সম্পর্কে কুনতা জানি না, এতা বুঝিই না।’ দিনমজুর ফজল মিয়া (৬০) বাজেট সম্পর্কে বলেন, ‘বাজেট কিতা চিনিই না।’