'বাজেট হইলেই কী আর না হইলেই কী'
বাজেটের কথা জিজ্ঞেস করায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামের কৃষক গোলাম রব্বানী সোজাসাপ্টা জানিয়ে দিলেন, ‘বাজেট লিয়া ভাবার মতোন সময় হামার নাই। বাজেটেট কী এডা হামি জানি না। জিনিসপত্রের দাম কমলে ভালো। না কমলে ভালো লয়।’
নিয়ম অনুসারে জুন মাসে জাতীয় বাজেট ঘোষণা হয়। এই বাজেটের প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনেই। কিন্তু যাঁদের দিন এনে দিন খেয়ে জীবন পার করতে হয়, বাজেটের লাখো কোটি টাকার অঙ্ক সেসব সাধারণ মানুষের বোধগম্যতার বাইরেই থাকে। সাধারণ মানুষ মনে করেন, বাজেট মানেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ হওয়া নিয়ে গতকাল শুক্রবার শিবগঞ্জের কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এমনই প্রতিক্রয়া পাওয়া গেল।
শহরের পানদোকানি রাজিব হোসেন বলেন, ‘বাজেট হলেই কী, আর না হলেই কী। দিন দিন হামার দোকানে বেচাবিক্রি কমিচ্ছে।’
বাজেট নিয়ে অন্ধকারে থাকা ভটভটিচালক ওসমান মিয়া বলেন, ‘বাজেট কী তা বুঝি না। বাজেটে হামাকেরে লাবও নাই, লোকসানও নাই।’
শহরে সিএনজিচালিত অটোরিকশা চালান কাউছার আলী। তিনি বাজেট কথাটা শুনে অনেকক্ষণ চুপ করে থাকেন। তারপর বলেন, ‘ভাই পেটের ধান্দায় থাকি। ওই সব প্রশ্ন বড়লোকদের গিয়া করেন।’
বানাইল মহল্লার তোজাম উদ্দিন অবশ্য এক মুহূর্ত চুপ না থেকে বাজেট নিয়ে তাঁর মতামত জানতে চাইলেই ক্ষুব্ধ স্বরে বলেন, ‘ধানের দাম যদি বাড়ে তালে বাজেট লিয়া কতা কন। না হলে মিছাই ফ্যাতলা প্যাড়া কী হবি। ওগলান বড়লোককেরে ব্যাপার-স্যাপার।’