'বাজেটত হামাকেরে মজুরির দাম থ্যাকা দরকার আছল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত রিকশাভ্যান চালান বাবলু প্রামাণিক। তবে দেশে কোথায় কী ঘটছে, তার খবর রাখার চেষ্টা করেন। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার প্রসঙ্গ তুলতেই খই ফুটল মুখে।

‘সরকার বাজেট ঘোষণা দিয়্যা কী করবে। দিন যাচ্ছে, প্রতিটি জিনিসের দাম বাড়িচ্চে। সরকার তো ভোটের আগে ওয়াদা করিছল ক্ষমতায় আসলে ১০ ট্যাকা কেজির চাল খাওয়াবে। কিন্তু এখন তো মোটা চালের দামই ৪৫ ট্যাকা কেজি। সারা দিনের কামাই চাল কিনতে যায়।’ গতকাল শুক্রবার সকালে ভ্যান চালাতে চালাতে বললেন বাবলু।

বাজেট নিয়ে উপজেলা সদরের থানা বাসস্ট্যান্ডের শ্রমিক জেল্লার হোসেনের ক্ষোভটা আরও বেশি। বলেন, ‘গরিবের কোনো বাজেট ন্যাই। সারা দিন যা কামাই, রাতে খরচ কর‌্যা সব শ্যাষ। যেদিন ট্রাকের ভাড়া হয় না, সেদিন মালিকের কাছ থ্যাকা ধার কর‌্যা সংসার খরচ চলায়। কাল টেলিভিশনোত বাজেট ঘোষণার কথা শুননো। সব জিনিসের ওপরই ট্যাক্স বসাল সরকার।’

তবে দুপচাঁচিয়া তেমাথা বাজারে জুতা-স্যান্ডেল সেলাইয়ে ব্যস্ত কানাই লাল রবিদাস বাজেট কী জিনিস বোঝেনই না। তবে তাঁর কথা, জুতা-স্যান্ডেলের রং, সুতা ও মোমের দাম বেশি। কিন্তু খরিদ্দাররা তো তিন-পাঁচ টাকার বেশি দেয় না। তিনি বলেন, ‘কাজ করার পর পারিশ্রমিকের টাকা চাইলেই খরিদ্দার বেজার হন। কিন্তু হামাকেরে পেট তো চলে না।’

স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন ফজের আলী। তিনি সকালে কাজে আসেন, সন্ধ্যার পর কাজ শেষ হয়। মজুরি পান ২৫০ টাকা। বাজারে গিয়ে চাল আর আলু বেগুন মরিচ কিনতেই সব শেষ। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘বাজেটের দোহাই দিয়্যা জিনিসের দাম বেশি ল্যায় দোকানদাররা। দিনমজুর হলেও তো হামাকেরে ভোট লিয়্যা সরকার হয়। কিন্তু বাজেটত তো কোনো কথা থাকে না।বাজেটত হামাকেরে মজুরির দাম থ্যাকা দরকার আছল।’