‘বাজেটে আমরার লাভও নাই, লসও নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের শমশেরগঞ্জের কৃষক মাসুক মিয়ার সোজাসাপটা কথা, ‘বাজেট যে দেয়, এটাই জানি না। আমি বেটা গিরস্থি খরি। গিরস্থি লইয়া থাকি। জিনিসফত্রর দাম বাড়লে নাগা মরচর মত ঝালটা টের পাই।’ অর্থবছরের বাজেট কারও কাছে এক দফা জিনিসপত্রের দাম বাড়া। আবার অনেকেরই কাছে বিষয়টিও ততটা জানা নয়। অনেকেরই এ নিয়ে নেই কোনো বাড়তি ভাবনা। কারণ, বাজেট তাদের প্রতিদিনের জীবনে আলাদা কোনো কৌতূহল বা বৈচিত্র্য সৃষ্টি করে না।৯ জুন জাতীয় সংসদে পেশ হওয়া ২০১১-১২ অর্থবছরের বাজেট নিয়ে গতকাল শনিবার মৌলভীবাজারের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এমনই প্রতিক্রিয়া পাওয়া গেল।শহরের পশ্চিমবাজার এলাকার একটি দোকানের কর্মচারী জসিম উদ্দিন বাজেট সম্পর্কে বলেন, ‘বাজেটে আমরার লাভও নাই লসও নাই। যারা ব্যবসা করে, তাদের লাভ-লস আছে।’ শহরে রিকশা চালান হবিগঞ্জের মাধবপুরের আবদুর রহিম। তিনি বাজেট কথাটা শুনে অনেকক্ষণ হা করে থাকেন। কোনো কথা বলতে পারেন না। এরপর বলেন, ‘বাজেট একটা দেয় শুনছি। কিন্তু শুনিয়া কোনো লাভ নাই।’ বাজেট নিয়ে অন্ধকারে থাকা আরও একজন রিকশাচালক মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের সুকেশ বৈদ্যকর বলেন, ‘বাজেট একটা দিছিল, পাকিস্তান আমলও। এরপর দাম বাড়ছিল। এরপর ফুলিস আইয়া লাঠি দেখাইতেই দাম কমছিল।’ শহরের পশ্চিমবাজার এলাকায় ভাঙা ছাতা, টর্চলাইট মেরামত করেন সিদ্দিক আলী। কাজে মগ্ন থেকেই নির্বিকার ভঙ্গিতে বললেন, ‘বাজেট একটা দিছে হুনছি, কিন্তু কিতা দিছে হুনছিও না বুজিও না।’দিনমজুর আবদুর রশীদ শহরের কোর্ট রোডের একটি হোটেলে নাশতা খাচ্ছিলেন। এ সময় বাজেট সম্পর্কে জানতে চাইলে অনেকটা ক্ষোভের সঙ্গেই বললেন, ‘বাজেট লইয়া আমি একজনে চিন্তা করলে চলবো। সবাই মিলে যদি চিন্তা না করে। এটা গরিবের কোনো কাজে লাগবো না। বড়লোকের কাজো লাগবো। জানইন না, কামলার ডাইলো কেউ বাগার দেয় না।’তরুণ ব্যবসায়ী ও পরিবেশকর্মী সেলিম আহমদ বলেন, ‘বিশাল বাজেটে সব সময় স্বপ্ন দেখানো হয়। এটা হবে, ওটা হবে। দারিদ্র্য বিমোচন হবে। মানুষ উপকৃত হবে। কিন্তু কতটুকু তা বাস্তবায়ন হয়?’সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসনীম চৌধুরী বলেন, ‘বাজেট যখন ঘোষণা হয়, সবাই অপেক্ষা করে কোন জিনিসের দাম বাড়ল, কোনটার কমল। যেটার দাম কমানো হয়, সেটা কমে না। আগের দামেই থেকে যায়। দাম কমার কথা বললে দোকানিরা বলে, দাম বাড়েনি এটাই তো কমছে।’