'বাড়ি পালানো' তিন ছাত্রকে যশোর থেকে উদ্ধার
ঢাকার নাখালপাড়া এলাকার তিন ছাত্র সেতু, মেহেদী ও সামি গত ৪ নভেম্বর হঠাৎ করেই নিখোঁজ হয়। তন্ন তন্ন করে খোঁজার পরও সন্ধান না পেয়ে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ ছিল, ওই তিন ছাত্রকে অপহরণ করা হয়েছে।
আজ সোমবার পুলিশ জানিয়েছে ওই তিন ছাত্র অপহূত হয়নি। তারা যশোরে লুকিয়ে ছিল।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেনের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত শুরু করে। টানা পাঁচ দিন অনুসন্ধানের পর আজ সোমবার দুপুরে ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল সেতু, মেহেদী ও সামিকে যশোরের একটি মেস থেকে উদ্ধার করে। যশোর কোতোয়ালি থানায় আনার পর তাদের ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।
সেতু ও সামি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী আর সামি এ বছর এসএসসি পাস করেছে।
ছেলেকে ফিরে পাওয়ার পর সামির বাবা মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে জানান, কাউকে না জানিয়ে সামি তার দুই বন্ধুর সঙ্গে ঢাকার বাইরে চলে গিয়েছিল। সন্ধান না পাওয়ায় জিডি করা হয়েছিল।
এদিকে যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, রাগ করে যশোরে এই কিশোর চলে আসে। এক বন্ধুর মাধ্যমে যশোর শহরের খড়কি এলাকায় তারা একটি মেসে ভাড়া নেয়।
তবে ডিবির এসি তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি অপহরণ নাকি অন্য কিছু, সেটি আরও তদন্ত করা হবে।