'বাড়ি' নাকি 'বাসা'

বাংলাদেশকে আমার দেখার সুযোগ হয়েছে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর থেকে বর্তমান পর্যন্ত। এই সময়ে বাংলাদেশে এমন কিছু পরিবর্তন হয়েছে, যা ১৯৭০-এর দশকে ধারণা করাও অসম্ভব ছিল। এমএ ক্লাসের ছাত্র হিসেবে আমি যখন বাংলাদেশে ভ্রমণ করি, তখন এর অবস্থা ছিল খুবই খারাপ। যুদ্ধবিধ্বস্ত অবস্থা তখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। ক্ষুধা জেঁকে বসেছিল। সরকার ছিল ব্যর্থ, অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয় এবং দেশটি অনেকাংশে নির্ভরশীল ছিল বিদেশি সাহায্যের ওপর। এর ফলে বাংলাদেশকে মেনে চলতে হয়েছে বিদেশি নির্দেশনা ও হস্তক্ষেপ। যদিও বাতাসে ভেসে বেড়াচ্ছিল ‘উন্নয়ন’ নামের ম্যাজিক শব্দটি। কিন্তু বেশির ভাগ বাংলাদেশির কাছে বিষয়টি ছিল স্বপ্নের মতো। সেটি এমন দৃশ্যমান কিছু ছিল না, যাতে তারা অংশ নিয়েছে। তার পরও দারিদ্র্য ও বিশৃঙ্খলার অন্তরালে সহজেই আত্মবলীয়ান সংস্কৃতির জীবনীশক্তি, দীর্ঘ স্বাতন্ত্র্যমণ্ডিত ইতিহাসের গৌরব এবং উৎকৃষ্ট ভবিষ্যতের মহাপ্রত্যাশার আঁচ উপলব্ধি করা যেত।
অবসর সময় কাটানোর জন্য শহরের বসার ঘরগুলোতে আলো প্রখর না থাকলেও (অথবা নিয়মিত লোডশেডিংয়ের কারণে কখনো কখনো বিদ্যুৎ না থাকলেও) কথাবার্তায় স্ফুলিঙ্গ ঠিকরে পড়ত সব সময়, আর খাবার তৈরি হতো রাজকীয়ভাবে। ঢাকার বাইরে—তখন ঢাকায় ২০ লাখের চেয়ে কম মানুষের বাস—বদ্বীপজুড়ে ব্যাপক সবুজ। সেখানে কৃষি ও কৃষকের প্রাধান্য। বাংলাদেশ ছিল প্রধানত গ্রামীণ সমাজ, বিশ্বের সবচেয়ে কম নগরায়িত দেশ।
এ দেশের বেশির ভাগ মানুষ কৃষক। রংপুর জেলার একটি ছোট্ট গ্রামে আমার কয়েক মাস কাটানোর সুযোগ হয়েছিল। সেখানে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়, সেটি হলো চারপাশের মানুষের অসম্ভব উদারতা। তারা আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করত, টাইফয়েড বা সর্দিগর্মি হলে আমাকে সেবা দিত, টাকাপয়সা ফুরিয়ে গেলে আমাকে সাহায্য করত। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা আমাকে যুক্ত করত। যেমন, তারা আমাকে স্থানীয় হাটে, বিয়ে-শাদির অনুষ্ঠানে, খেত নিড়াতে, গাঁজা খাওয়াতে, শহরে সিনেমা দেখাতে এবং আরও অনেক কাজে নিয়ে যেত। ১৯৭০-এর দশকের বাংলাদেশ কেমন ছিল, সে সম্পর্কে তারা আমাকে একটি ভালো ধারণা দিয়েছিল। এসব ছাড়া আমি আমার বাড়ি, যে বিশ্ব থেকে আমি এসেছি, সে সম্পর্কে ভালো বুঝতে পারতাম না।
কিছুদিন পর পিএইচডি গবেষণার কাজে আমি আবার রংপুর, কুমিল্লা ও বগুড়ার গ্রামাঞ্চলে ফিরে আসি। ১৯৭০-এর দশকের দ্বিতীয়ার্ধ নাগাদ অবস্থার ব্যাপক পরিবর্তন হয়। সরকারের কর্তৃত্ব চলে যায় সামরিক বাহিনীর হাতে। তারা তখন সমাজতান্ত্রিক বাংলাদেশের সব স্বপ্ন স্থগিত করে দেয় এবং বিদেশে অর্থসাহায্যের জন্য ধরনা দিতে থাকে। সে সময় বিদেশি সাহায্য পাওয়ার প্রতি আকর্ষণ ছিল সর্বোচ্চ। এমন কোনো গ্রাম ছিল না, যেখানে একটা বা দুটো ‘প্রকল্প’ খুঁজে পাওয়া যেত না। শহুরে শিক্ষিত এসব তথাকথিত সাহায্যকারী এনজিওকর্মীদের অদ্ভুত কাজকর্ম ও মূর্খতা নিয়ে গ্রামের মানুষ হাসাহাসি করত, যদিও তাদের সাহায্য নিতে আনন্দ পেত। জীবনটা তখন খানিকটা সহজ হতে শুরু করে।
তখন থেকে আমি বহুবার গ্রামাঞ্চলে এসেছি। প্রতিবারই পরিবর্তনের গতি আমাকে অভিভূত করেছে। ফেরিঘাটে দীর্ঘসময় প্রতীক্ষাসহ রংপুর থেকে ঢাকায় আসা-যাওয়া করতে এখন আর ১৪ ঘণ্টা লাগে না। কাঠের বহিরাবরণের বাসও ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। টেলিভিশন, ভিডিও ও মোবাইল ফোনের আবির্ভাব ঘটে বহির্বিশ্বের বহু তথ্য নাগালের মধ্যে চলে এসেছে। আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক গ্রামকে দুবাই, মুম্বাই, কুয়ালালামপুর ও রোমের বাস্তবতার সঙ্গে যুক্ত করেছে। গ্রামীণ ছোট বাজারে আরও বিদেশি পণ্য এসেছে, আরও বেশি মানুষ সেসব কেনার সামর্থ্যের মধ্যে ঢুকে পড়েছে। বদলেছে ‘বাড়ি’র আদল। গ্রামের অধিবাসীরা তাদের প্রাত্যহিক জীবনযাত্রা, চিন্তাভাবনা ও আশা-আকাঙ্ক্ষায় নাগরিক হয়ে উঠেছে। আমি যেখান থেকে এসেছি, সে ভৌগোলিক বিশ্বের সঙ্গে যোগাযোগে আরও পারদর্শী হয়ে উঠেছে তারা। এর সবকিছুই এখানকার মানুষের আত্মশক্তিতে ভরা মনোভাবের পরিচয় তুলে ধরছিল।

একইভাবে এটিও সহজে উপলব্ধি করা যাচ্ছিল যে আগের তুলনায় গ্রামজীবনের থেকে শহরজীবন অতি দ্রুত বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করেছে। অবকাঠোমো এবং সেবা ও সংস্কৃতি—দুই দিক থেকেই এই বিচ্ছিন্নতা। লাখ লাখ গ্রামবাসী তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার ও ভালো সুযোগ-সুবিধার সন্ধানে শহরে ‘বাসা’ তৈরি করেছে। দেশজুড়ে স্থাপন করেছে যোগাযোগের নতুন ধরন। এর মধ্য দিয়ে বাংলাদেশের আরও অনেক বেশি মানুষ গ্রামীণ জীবনযাত্রা থেকে সরে এসেছে। দেশটি তখনো ছিল ব্যাপকভাবে গ্রামীণ, কিন্তু এর স্বপ্ন হয়ে উঠেছে নাগরিক।
অভিজাতদের দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল, ১৯৭০-এর দশকে মধ্যবিত্ত শ্রেণীর বেশির ভাগ মানুষ যে গ্রাম থেকে উঠে এসেছে, সে গ্রামের সঙ্গে তার যোগাযোগ ছিল। ‘বাড়ি’ ও ‘বাসা’র মধ্যে পার্থক্যটি ছিল গুরুত্বপূর্ণ। ৪০ বছর পর এখনো এ দেশে বিদেশি সাহায্যের ধারা অব্যাহত। এই সাহায্য পেশাজীবী একটি শ্রেণীকে পুষ্ট করে তুলছে। এই শ্রেণী একটি উপ-সংস্কৃতি তৈরি করেছে। আর এদের বেশির ভাগেরই বসবাস ঢাকায় (ঢাকা এখন ১৯৭০-এর দশকের চেয়ে আটগুণ বড়)। পড়াশোনা ও চাকরির জন্য তাদের চোখ এখন রাষ্ট্রীয় সীমানার বাইরে। নিজের গ্রামের সঙ্গে অতীতে সত্যিকারের যে যোগাযোগ তাদের ছিল, সেটি এখন স্মৃতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। গ্রামের ‘বাড়ি’ অস্পষ্ট হয়ে গেছে, শহরের ‘বাসা’ রূপান্তরিত হয়েছে আসল ‘বাড়ি’তে।
এ পরিবর্তনগুলো আমার নিজের চোখে দেখা এক অনন্য অভিজ্ঞতা। ‘বাসা’ ও ‘বাড়ি’, আত্মবোধ ও পরিচয় সম্পর্কে আমার যে নিজস্ব ধারণা ছিল, তারা সেটি পরিবর্তন করে দিয়েছে। আমার প্রতি এ দেশের মানুষের এটি একটি বড় উপহার। নেদারল্যান্ডস ও বাংলাদেশ—উভয় জায়গার ক্ষেত্রেই যা এখন আমি উপলব্ধি করি।
ইংরেজি থেকে অনূদিত