চট্টগ্রামকে ‘বাণিজ্যিক রাজধানী’ বলা হয়। কিন্তু এটি একটি আক্ষরিক শব্দ। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে যতটা গুরুত্ব দেওয়ার কথা, তা দেওয়া হচ্ছে না। গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়, ব্যাংক ও বিমা কোম্পানিগুলোর সদর দপ্তর ঢাকায়। বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নে প্রয়োজনীয় কাজগুলো এখনই শুরু করতে হবে।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু হলে ‘বাণিজ্যিক রাজধানীর উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক রূপান্তর’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল এ সম্মেলনের আয়োজন করে।
সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, চট্টগ্রামের সমস্ত উন্নয়নে চট্টগ্রাম বন্দরকে সম্পৃক্ত করতে হবে। বন্দরকে সম্পৃক্ত করা না হলে সে উন্নয়ন অর্থবহ হবে না। তাঁর ভাষায়, ‘কারণ, “নো পোর্ট, নো চিটাগং”; বন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে আমাদের।’
সিডিএ চেয়ারম্যান বলেন, অতীতের সব সরকার চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে অবহেলা ও অবজ্ঞা করেছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। গত আট বছরে এক দিনের জন্যও চট্টগ্রামের উন্নয়ন বন্ধ থাকেনি। উন্নয়নের এই ধারা আগামী ১০ বছর অব্যাহত রাখা হলে চট্টগ্রাম ১০০ বছর এগিয়ে যাবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, এ কথা আমি আর বলতে রাজি না। সবকিছুর সদর দপ্তর ঢাকায়। এমনকি চট্টগ্রাম বন্দরের সমস্ত ক্ষমতার উৎসও মন্ত্রণালয়ে। কোনো কিছু নিজস্ব অর্থায়নে করার ক্ষমতা চট্টগ্রাম বন্দরের নেই। তাই বাণিজ্যিক রাজধানী শব্দটি বাস্তবায়নের জন্য যেটা করার দরকার, সেটা করতে হবে।’
দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, কর্ণফুলী কনটেইনার টার্মিনাল, লালদিয়া বহুমুখী টার্মিনাল নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আট লেনে উন্নীত করার তাগিদ দেন চট্টগ্রাম চেম্বার সভাপতি। তিনি বলেন, সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে বে টার্মিনাল নির্মাণে। এ প্রকল্পকে ফাস্ট ট্র্যাকে নিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, চট্টগ্রামের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন হবে না। তাই চট্টগ্রামের উন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএমএবির সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান ইমতিয়াজ আলম। বক্তব্য দেন আইসিএমএবির সভাপতি আরিফ খান, চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা ছিদ্দিকী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাণিজ্যিক নগরের অবকাঠামো উন্নয়ন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম। এ ছাড়া ‘আধুনিক সাপ্লাই চেইন এজেন্ডা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মাইন্ড ম্যাপার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইযাজুর রহমান।