রাজশাহীতে অবস্থিত বেসরকারি উদয়ন ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা গতকাল রোববার ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার নামে বাণিজ্য বন্ধ করার দাবিতে তাঁরা এসব কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০০৯ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে প্রায় ১৪০ জনের মতো শিক্ষার্থী রয়েছেন। শুরু থেকেই এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস, আবাসনসহ সব কার্যক্রম চলছে ভাড়া করা ভবনে। ভর্তির সময় ৯০ শয্যার নিজস্ব হাসপাতাল, ক্যাম্পাস, গ্রন্থাগারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু দুই বছরেও এসব সুবিধা দেওয়া হয়নি। অথচ প্রতি মাসে তিন হাজার ৬৫৭ টাকা এবং বছরে সেশন ফি বাবদ ৬২ হাজার ৭০০ টাকা করে আদায় করা হচ্ছে। কলেজে এক ছাত্রী জানান, এখানে স্থায়ী শিক্ষক মাত্র চারজন এবং বাকি ছয়-সাতজন ভাড়া করা শিক্ষক রয়েছেন। শিক্ষক স্বল্পতার কারণে সেশনজটের কবলে পড়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। এমনকি নিজস্ব হাসপাতাল না থাকায় তাঁরা ব্যবহারিক ক্লাসও করতে পারছেন না।দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকেরা এ বিষয় নিয়ে অধ্যক্ষ আবদুল মালেকের সঙ্গে দেখা করে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। পরে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ আগামী এক মাসের মধ্যে এসব সমস্যা সমধানের আশ্বাস দিয়েছেন।শিক্ষার্থীরা জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসের ভেতরেই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন।