‘বাণ’ নিক্ষেপ!
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আহমদ কামাল ওরফে অহিদ। তাঁর বাড়ি স্থানীয় ভবানীপুর গ্রামে। গত রোববার রাত ১১টার দিকে তিনি বাড়ি থেকে বাইরে বেরোচ্ছিলেন। এ সময় তাঁকে লক্ষ্য করে কে বা কারা মাটির তৈরি পাতিলে ভরে একধরনের মারণঘাতী অস্ত্র (স্থানীয়দের ভাষায় ‘বাণ’) নিক্ষেপ করে! টের পেয়ে পাশে দাঁড়ানো রাজা মিয়া দ্রুত ধাক্কা দিয়ে সরিয়ে ফেললে অহিদ বেঁচে যান। পরে বাড়ির সামনের রাস্তায় পলিথিন দিয়ে মোড়ানো একটি পাতিল, ভেতরে একটি মোমবাতি ও তাবিজ পাওয়া যায়। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক লোক সেখানে ভিড় জমায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ‘বাণ’ তৈরির জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় অহিদ গত সোমবার থানায় একটি জিডি করেছেন। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, স্থানীয়রা ‘বাণ’ বিষয়টিকে বিশ্বাস করেন।