'বাতাস হইলে আর ঘরে থাকা যায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তুলাগ্রাম আশ্রয়ণ কেন্দ্রের ৫০টি পরিবারের আড়াই শতাধিক মানুষ মানবেতর জীবন যাপন করছে৷ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এবং আগুনে পুড়ে যাওয়ার পর থেকে আশ্রয়ণ কেন্দ্রটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে৷

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে পাঁচটি ব্যারাকে মোট ৫০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়৷ ২০১১ সালের ডিসেম্বরে আগুন লেগে ৫ নম্বর ব্যারাকের ১০টি পরিবারের ঘর পুড়ে যায়৷ কিন্তু আগ‌ুন লেগে পুড়ে যাওয়ার পর প্রতিটি পরিবারে ১০টি করে টিন, নগদ দুই হাজার টাকা ছাড়া আর কিছু জোটেনি৷ ভূমিহীন রিকশাচালক, দিনমজুর ও গৃহকর্মীরাই এ ব্যারাকে বসবাস করেন৷ ইউএনও এই আশ্রয়ণ কেন্দ্রের দেখভালের দায়িত্বে রয়েছেন৷

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ৫০টি অসহায় পরিবার চরম দুরবস্থার মধ্যে দিনযাপন করছে৷ পুড়ে যাওয়া ব্যারাকের লোকজন পোড়া টিন ও নতুন টিন দিয়ে কোনো রকমে ছাপরা ঘর তুলে বসবাস করছেন৷ অধিকাংশ ঘরেই শিশু রয়েছে৷ ওই ঘরগুলোতে গবাদিপশু রাখার কারণে পরিবেশ দূষিত হচ্ছে৷ এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে৷ ঘরের পোড়া চালগুলো জং ধরা৷ একটু জোরে বাতাস হলেই ঘরের চাল উড়ে যাবে৷ বৃষ্টি ঠেকাতে বেশির ভাগ ঘরের চালেই পলিথিনের ওপর ইটচাপা দিয়ে রাখা হয়েছে৷ প্রকল্পে কোনো রান্নাঘর না রাখায় প্রতিটি পরিবারকে ঘরের সামনে খোলা জায়গায় রান্নার কাজ করতে হচ্ছে৷

ব্যারাকের বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘একটু বাতাস হইলে আর ঘরে থাকা যায় না৷ বাচ্চা নিয়া ঝাইড়া দৌর দিয়া পাশের কমিউনিটি সেন্টারে চইলা যাই৷’ ফিরোজা বেগম বলেন, ‘ঘরের সব টিন ঝরঝরা হইয়া গেছে৷ বৃষ্টি শুরু হইলে ঘরের মধ্যে পানি পইড়া খাবর (কাদা) হইয়া যায়৷ তখন ঘরের মধ্যে কাঁথা মুড়ি দিয়া পইড়া থাকি৷’

নিজেদের দুরবস্থার কথা জানিয়ে সোনাই বেগম নামে এক গৃহবধূ এ প্রতিবেদককে বলেন, ‘নিজের চোক্ষে দেইখা যান আমরা কী অবস্থায় আছি৷ এভাবে কোনো মানুষ কি বাঁচতে পারে?’ ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার শেখ বলেন, কোনো ব্যারাকই বসবাসের উপযুক্ত নয়৷ ঘরগুলো নতুন করে নির্মাণ করা প্রয়োজন৷

কৈজুরির ইউপি চেয়ারম্যান ইখতিয়ার মোহাম্মদ বলেন, তুলাগ্রাম আশ্রয়ণ কেন্দ্রটি প্রধানমন্ত্রীর সচিবালয়ের একটি অগ্রাধিকার প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে৷ ওই প্রকল্পের রক্ষণাবেক্ষণ কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে৷ ব্যারাকগুলোর ১০টি ঘর আগুনে পুড়ে গেছে৷ অন্য ৪০টি ঘরও ব্যবহারের উপযোগী নয়৷

ইউএনও জহিরুল ইসলাম বলেন, ব্যারাকটির সংস্কারকাজের জন্য ২৪ লাখ টাকার একটি প্রকল্প প্রধানমন্ত্রীর সচিবালয়ে জমা দেওয়া রয়েছে৷ সেটি অনুমোদিত হলে ওই সব অসহায় দরিদ্র মানুষের জন্য কিছু কাজ করা যাবে৷